‘ভূমিসেবা মেলা-২০২৬’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি ভূমি মন্ত্রণালয়ের তিনটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।
মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে বাটন প্রেসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিনি দেশব্যাপী এ মেলার উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দেশের প্রতিটি জেলা ও উপজেলায় তিন দিনব্যাপী এ ‘ভূমি সেবা মেলা-২০২৬’ শুরু হয়েছে। আজ থেকে আগামী ২১ মে পর্যন্ত এ মেলা চলবে।
ভূমি মেলার এবারের মূল প্রতিপাদ্য- ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’। মেলার মূল লক্ষ্য নাগরিকদের এ নতুন সেবার সঙ্গে পরিচিত এবং সরাসরি সেবা প্রদান করা।
মেলার উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ভূমি ভবনে বিভিন্ন স্টল ও সেবা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি এ সময় কল সেন্টার, নাগরিক সেবা কেন্দ্র এবং ডে-কেয়ার সেন্টারও ঘুরে দেখেন।
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দিতেই এ মেলার আয়োজন করা হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.