ঈদের তারিখ ঘোষণা করল ৩ মুসলিম প্রধান দেশ

দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই পবিত্র জিলহজ মাস এবং ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। তবে একই অঞ্চলের দেশ হলেও চাঁদ দেখার ওপর ভিত্তি করে এই দেশগুলোর মধ্যে ঈদের তারিখে ভিন্নতা দেখা গেছে। খবর- গালফ নিউজের

ঘোষণা অনুযায়ী, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় আগামী ২৭ মে (বুধবার) কোরবানির ঈদ উদযাপিত হবে। তবে প্রতিবেশী দেশ ব্রুনেইতে ঈদ হবে ২৮ মে (বৃহস্পতিবার)।

ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (১৭ মে) জিলকদ মাসের সমাপ্তি ঘটেছে। দেশ দুটিতে আগামী সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৭ মে (বুধবার) ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এদিকে সুলতানাত অব ব্রুনেই জানিয়েছে, রোববার দেশটির আকাশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যায়নি। ফলে আগামী সোমবার (১৮ মে) জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং পরদিন মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। এই হিসাব অনুযায়ী, ব্রুনেইতে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এদিকে জিলহজ মাস শুরুর ঘোষণা দেওয়া প্রথম দেশ তিউনিসিয়া। দেশটি শনিবার (১৬ মে) জিলকদ মাসের ২৯তম দিন হিসেবে ঘোষণা করেছিল। অন্যদিকে তুরস্ক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবভিত্তিক ইসলামিক ক্যালেন্ডার অনুসরণ করে ১৮ মে জিলহজ মাস শুরুর ঘোষণা দেয়। দেশটি চাঁদ দেখার পরিবর্তে পূর্বনির্ধারিত জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ওপর নির্ভর করে থাকে।

এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানসহ অধিকাংশ মুসলিম দেশে আজ (১৭ মে) জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে এসব দেশে ঈদুল আজহার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.