হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে ইউরোপীয় দেশগুলো তেহরানের সঙ্গে আলোচনা করছে। আজ শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ কথা জানিয়েছে।
সুনির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ না করে রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘পূর্ব এশিয়ার দেশগুলো, বিশেষ করে চীন, জাপান ও পাকিস্তানের জাহাজ চলাচলের পর আজ আমরা তথ্য পেয়েছি যে ইউরোপীয়রাও (প্রণালি পার হওয়ার) অনুমতি পেতে ইসলামিক রেভোল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌবাহিনীর সঙ্গে আলোচনা শুরু করেছে।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করার পর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিটি দিয়ে জাহাজ চলাচল অনেকটাই বন্ধ করে দিয়েছে ইরান। গত ৮ এপ্রিল থেকে উভয় পক্ষের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে।
সমুদ্রপথটির ওপর ইরানের এই নিয়ন্ত্রণ বৈশ্বিক বাজারকে অস্থিতিশীল করেছে এবং তেহরানকে একটি বড় ধরনের সুবিধাজনক অবস্থানে রেখেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ আরোপ করে রেখেছে।
স্বাভাবিক সময়ে বিশ্বের মোট উৎপাদিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য এই সমুদ্রপথ দিয়েই পরিবহন করা হয়।
আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ‘ইরানের (হরমুজ) প্রণালি ব্যবস্থাপনা প্রটোকল নিয়ে চুক্তির পর সাম্প্রতিক দিনগুলোতে তারা চীনসহ বিভিন্ন দেশের ডজনখানেক জাহাজকে পার হওয়ার অনুমতি দিয়েছে।’
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান বারবার বলে আসছে, এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল ‘যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাবে না’। গত মাসে তেহরান জানায়, এই প্রণালিতে তাদের আরোপিত টোল বা মাশুল থেকে তারা প্রথম আয় পেয়েছে।
আজ শনিবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেন, ইরান এই প্রণালি দিয়ে যাতায়াত নিয়ন্ত্রণের জন্য ‘একটি পেশাদার কাঠামো তৈরি করেছে, যা শিগগিরই প্রকাশ করা হবে’।
আজিজি বলেন, ‘এই প্রক্রিয়ায় কেবল বাণিজ্যিক জাহাজ এবং ইরানের সঙ্গে সহযোগিতা করা পক্ষগুলো সুফল পাবে।’ তিনি আরও বলেন, ‘বিশেষায়িত সেবার জন্য প্রয়োজনীয় ফি বা মাশুল আদায় করা হবে।’
যুক্তরাষ্ট্র সামরিক অভিযান ‘ফ্রিডম প্রজেক্টের’ মাধ্যমে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে হরমুজ প্রণালি পার করে দেওয়ার উদ্যোগ নিয়েছিল। সে বিষয়ে ইঙ্গিত করে আজিজি বলেন, তথাকথিত ‘ফ্রিডম প্রজেক্ট’ পরিচালনাকারীদের জন্য এই প্রণালি বন্ধ থাকবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.