ওয়াক্ফ এস্টেট পরিচালনায় সরকার-মোতাওয়াল্লিদের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ

সারাদেশের ওয়াক্ফ এস্টেটগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করতে সরকারের সহযোগিতা এবং মোতাওয়াল্লিদের ঐক্যের উপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।

শনিবার (১৬ মে) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার (১৩ মে) রাজধানীর মগবাজারে ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ে ওয়াক্ফ প্রশাসক (সচিব) সাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে মোতাওয়াল্লি সমিতির উদ্যোগে এক বৈঠকে এ বিষয়ে জোর দেওয়া হয়।

এ সময় মোতাওয়াল্লি সমিতির সভাপতি এবং হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, সমিতির মহাসচিব অধ্যক্ষ ড. আলমগীর কবীর পাটোয়ারী, সহ-সভাপতি ইয়ার মোহাম্মদ বেলাল, বৃহত্তর কুমিল্লা জেলা শাখার সভাপতি মো. সিদ্দিকুর রহমানসহ সারাদেশের বিভিন্ন ওয়াক্ফ এস্টেটের মোতাওয়াল্লীরা এ সময় উপস্থিত ছিলেন। তারা বৈঠকে ওয়াক্ফ এস্টেট পরিচালনার ক্ষেত্রে নানা ধরনের সমস্যা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন।

ওয়াক্ফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ মোতাওয়াল্লিদের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, বর্তমান সরকার সর্বত্র সুশাসন প্রতিষ্ঠা করতে প্রতিজ্ঞাবদ্ধ। এরপরও এ বিষয়ে কোনো অনিয়ম বা আইন লঙ্ঘন হলে অবশ্যই তা খতিয়ে দেখা হবে।

সভাপতির বক্তব্যে ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, ওয়াক্ফ সম্পর্কে অনেকেরই সুস্পষ্ট ধারণা নেই, ফলে নানা ধরনের বিশৃঙ্খলা ও বিবাদ তৈরি হয়। এটা জানা থাকা দরকার যে, পাবলিক প্রপার্টি এবং ওয়াক্ফ এস্টেটের জন্য দুটি ভিন্ন আইন রয়েছে। ওয়াক্ফ সম্পত্তি হচ্ছে আল্লাহ’র সম্পত্তি। এ কারণে সরকার কর্তৃক প্রণীত আলাদা আইনে ওয়াক্ফ এস্টেটগুলো পরিচালিত হচ্ছে।

ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া আরো বলেন, আইনে আছে বেনিফিশিয়ারি বা সুবিধাভোগীরা ছাড়া কেউ মোতাওয়াল্লীর বিরুদ্ধে কোনো অভিযোগ বা প্রশ্ন তুললে সেটি গ্রহণযোগ্য হবে না। কিন্তু আইন লঙ্ঘন করে অনেক জায়গায় বহিরাগতরা ব্যক্তিস্বার্থে ওয়াক্ফ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ এমনকি মামলা-মোকদ্দমাও করছে। বেআইনি হওয়ার পরও সেইসব অভিযোগ আমলে নিয়ে অনেক ক্ষেত্রে তদন্ত পর্যন্ত করা হচ্ছে। ফলে ওয়াক্ফ এস্টেট পরিচালনায় সমস্যার মুখোমুখি হচ্ছেন মোতাওয়াল্লীরা এবং বিশৃঙ্খলা তৈরি হচ্ছে সারাদেশের বিভিন্ন জায়গায়।

মোতাওয়াল্লী সমিতির সভাপতি ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া অবিলম্বে বহিরাগতদের এসব কর্মকাণ্ড ও অনিয়ম বন্ধ করতে আইন মোতাবেক ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.