পাঁচ দিনের পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস

সারাদেশে আগামী পাঁচ দিনের আবহাওয়ার বিশেষ পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে দেশের উত্তরাঞ্চলসহ বেশ কিছু বিভাগে অতি ভারী বর্ষণের সতর্কতার পাশাপাশি বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ ঘনীভূত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) সকালে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে, যা আরও ঘনীভূত হতে পারে। এছাড়া লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

প্রথম দিন (১৩ মে) : রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রামের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অতি ভারী বর্ষণ হতে পারে।

দ্বিতীয় থেকে চতুর্থ দিন (১৪-১৬ মে) : এই তিন দিন দেশের উত্তরাঞ্চল ও সিলেটে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।

পঞ্চম দিন (১৭ মে) : বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসবে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দেশের অন্য এলাকাগুলোতে আবহাওয়া প্রধানত শুষ্ক ও আংশিক মেঘলা থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, প্রথম দিন সারাদেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে দ্বিতীয় দিন থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেটে তাপমাত্রা সামান্য কমলেও দেশের অন্যত্র তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। পরবর্তী কয়েক দিন তাপমাত্রা ফের সামান্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

আজ ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৭ মিনিটে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, পরবর্তী বর্ধিত ৫ দিনেও দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.