আরটিভির আর্টিজম দিবস উদযাপন

১৯তম বিশ্ব আর্টিজম সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে আরটিভি বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাচ, গান ও ফ্যাশন শোর মাধ্যমে দিনটি উদযাপন করেছে। ইনস্পিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে আর্টিজম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সমাজে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানটি রাজধানীর ৯৫ তেজগাঁওয়ে অবস্থিত বেগম মওলানা মাল্টিমিডিয়া স্টুডিওতে অনুষ্ঠিত হয় এবং আরটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

বুধবার (১৩ মে) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন করে হাসান মাহমুদ, দ্বিতীয় হন বেনসালেম এবং তৃতীয় স্থান পান সানায়া তাহনিয়াত। ‘খ’ গ্রুপে প্রথম হন আরিয়ান আরিফ খান, দ্বিতীয় ইলতু তমিস আব্দুল্লাহ এবং তৃতীয় ওয়েন্স লরেন্স গোমেজ।

অনুষ্ঠানে অভিভাবকরা বলেন, সন্তানদের আর্টিজম বিষয়ে নিয়ে সমাজে অনেক নেতিবাচক ধারণা থাকলেও এমন আয়োজন তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে। তারা বলেন, শিশুদের অংশগ্রহণ ও সাফল্য পরিবারে আনন্দ ও স্বস্তি এনে দেয়।

আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, আর্টিজম এখন আর কারও একক বিষয় নয়, এটি সমাজ ও রাষ্ট্রের যৌথ দায়িত্ব। তিনি বলেন, প্রতিটি শিশু মূল্যবান এবং তাদের বিকাশে সমাজকে এগিয়ে আসতে হবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মেজর (অব.) মো. আব্দুস সালাম বলেন, আর্টিজম সচেতনতা এখন সময়ের দাবি। সরকারসহ সবাইকে এই বিষয়ে আরও সক্রিয় হতে হবে।

ইনস্পিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সৈয়দা মুনিরা ইসলাম বলেন, আর্টিজম নিয়ে সচেতনতা বৃদ্ধি ও গ্রহণযোগ্যতা তৈরিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি। ফ্যাশন শোর কোরিওগ্রাফি করেন আসাদ খান।

আয়োজনটির গ্রন্থনা ও পরিচালনায় ছিলেন সৈয়দা মুনিরা ইসলাম। মিডিয়া পার্টনার হিসেবে ছিল বার্জার পেইন্টস বাংলাদেশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, অনলাইন পার্টনার আরটিভি অনলাইন এবং ম্যাগাজিন পার্টনার লুকঅ্যাটমি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.