জ্যোতিষী নিয়োগ নিয়ে সমালোচনার মুখে ওএসডি সিদ্ধান্ত প্রত্যাহার করল বিজয়

তামিলনাড়ু রাজনীতিতে তীব্র সমালোচনার মুখে নিজের ব্যক্তিগত জ্যোতিষী রিকি রাধন পণ্ডিত ভেট্রিভেলকে স্পেশাল ডিউটি অফিসার (ওএসডি) পদে নিয়োগ দিয়ে একদিনের মধ্যেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। বিষয়টি ঘিরে তার দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে) এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

মুখ্যমন্ত্রীর কার্যালয়ে ওএসডি হিসেবে ভেট্রিভেলের নিয়োগের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তা বাতিল করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা জানায় টিভিকের জোটসঙ্গী বিদুথলাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে), সিপিআইএম এবং সিপিআই।

বিধানসভায় আস্থা ভোটের আগে ভিসিকে বিধায়ক বাণী আরসু সরকারকে কুসংস্কার থেকে বের হয়ে বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী চিন্তায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জ্যোতিষশাস্ত্র নয়, বৈজ্ঞানিক চিন্তাধারাকে অগ্রাধিকার দেওয়া উচিত।

সিপিআইএম ও সিপিআই-ও একই ধরনের প্রতিক্রিয়া জানায়। সিপিআইএম রাজ্য সম্পাদক পি শানমুগাম বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো বৈজ্ঞানিক মানসিকতা গড়ে তোলা। জনগণের অর্থে জ্যোতিষীকে সরকারি পদে নিয়োগ কুসংস্কারকে উৎসাহিত করবে।

এদিকে দেশিয়া মুরপোক্কু দ্রাবিড় কাজাগাম (ডিএমডিকে) নেত্রী প্রেমলতা বিজয়কান্তও এই নিয়োগ নিয়ে সরাসরি সমালোচনা করেন। তিনি বলেন, ব্যক্তিগত গুরু থাকলে সেটি ব্যক্তিগত পর্যায়েই রাখা উচিত, সরকারি পদে নয়।

যদিও ভিসিকে এবং বাম দলগুলো সরকার থেকে সমর্থন প্রত্যাহার করেনি, তবে এই ঘটনাকে ঘিরে তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাপ তৈরি হয়। শেষ পর্যন্ত সমালোচনার মুখে সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হন মুখ্যমন্ত্রী বিজয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.