আরও ৪৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

চলতি অর্থবছরের শুরু থেকে রপ্তানি আয় ও রেমিট্যান্সের কারণে ডলারের সরবরাহ বাড়ছে। এমন পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার যোগান-চাহিদার ভারসাম্য ঠিক রাখতে এবং মুদ্রাবাজারে স্থিতিশীলতা আনতে ধারাবাহিকভাবে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। এরই অংশ হিসেবে আজ কেন্দ্রীয় ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক থেকে কাট-অফ দরে চার কোটি ৫০ লাখ মার্কিন ডলার (৪৫ মিলিয়ন) কিনেছে।

সোমবার (১১ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন খান বলেন, বাজারে এখন চাহিদার তুলনায় ডলারের সরবরাহ বেশি। রপ্তানিকারক ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় বাজারমূল্য ধরে রাখতে গত জুলাই থেকে ডলার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন পর্যন্ত মোট ৫৭৯ কোটি ৮৫ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে শুধু মে মাসে কেনা হলো ১২ কোটি ৫০ লাখ ডলার। ডলার কেনা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ (এফএক্স) নিলাম কমিটির মাধ্যমে, মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে। এতে এক মার্কিন ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।

সাম্প্রতিক মাসগুলোতেও রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী অবস্থানে রয়েছে। গত মাসে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ২৭৫ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের চেয়ে চলতি বছরের একই সময়ে ৩৭ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ৪ হাজার ৫৭৫ কোটি টাকা বেশি। এর আগে মার্চে রেকর্ড ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ এবং ৩১৭ কোটি ৯ লাখ ডলার প্রবাসী আয় এসেছে।

এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৪ মে পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ২৯ হাজার ৭৮৯ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের (২৪ হাজার ৮৪৯ মিলিয়ন ডলার) তুলনায় প্রায় ১৯ দশমিক ৯ শতাংশ বেশি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.