ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনের একটি সংগঠনের অন্তত ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বিএনএর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা প্রতিবেদন এবং গুপ্তচরবৃত্তি ও বিদেশি হস্তক্ষেপের একাধিক মামলায় সরকারি প্রসিকিউটরদের তদন্তের ভিত্তিতে ওই ৪১ জনকে গ্রেপ্তার করেছে বাহরাইনের পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া এই সংগঠনের কর্মকাণ্ডে কিংবা আইন লঙ্ঘনকারী কাজে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত এমন যে কারও বিরুদ্ধে তল্লাশি ও তদন্ত অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া আঞ্চলিক উত্তেজনার মধ্যে আইআরজিসির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল বাহরাইনের কর্তৃপক্ষ।
ওই হামলার জবাবে ইসরায়েল, বাহরাইনসহ উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর পাল্টা হামলা চালায় তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী।
পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা থেকে কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে পারেনি উভয়পক্ষ। পরবর্তীতে কোনো নির্দিষ্ট সময়সীমা ছাড়াই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; যা কূটনীতির পথ প্রশস্ত করে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.