পশ্চিমবঙ্গে নতুন সরকার গড়ার তোড়জোড় শুরু হয়ে গেছে। বর্তমান বিধানসভার মেয়াদ বুধবার রাত ১২টার পর শেষ হতে চলেছে। তার আগে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল।
বুধবার এই সংক্রান্ত গেজেট নোটিফিকেশন নিয়ে রাজভবন তথা অধুনা লোক ভবনে গিয়েছিলেন আগরওয়াল ও কমিশনের অন্যান্য কর্মকর্তারা।
এদিকে, বিদায়ী মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগেই জানিয়ে দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন, কেন ইস্তফা দেব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফা দেওয়ার প্রশ্ন কেন উঠছে?
আইন বলছে, ছয়ই মে-র পর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না মমতা ব্যানার্জী। বিদায়ী মন্ত্রিসভাও আর কার্যকর থাকবে না। এর মাঝেই গেরুয়া শিবিরে নতুন সরকার গড়ার তোড়জোড় দেখা যাচ্ছে। আগামী নয়ই মে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে বলেও ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.