গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম উপসর্গে ৫ ও নিশ্চিত হামে ২ জন মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মৃত্যু দাঁড়াল ৩২৪ জনে।
বুধবার (৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ পাওয়া গেছে এমন শিশুর সংখ্যা ১ হাজার ৬৫৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে এবং হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে সারা দেশে ৩২৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৫৬ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৬৮ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৬ হাজার ৯৯ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৪৪ হাজার ২৬০ জন। এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৮৫ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৭ হাজার ২২৩ জন।
আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হাম সন্দেহে ১৬৩ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৫৭ জন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.