এমিরেটস এ৩৮০ উড়োজাহাজে মিলবে দ্রুতগতির স্টারলিংক ইন্টারনেট

এমিরেটস তাদের ফ্ল্যাগশিপ এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজে পরবর্তী প্রজন্মের স্টারলিংক ওয়াই-ফাই চালুর উদ্যোগ নিয়েছে। এর ফলে এই জেটি আন্তর্জাতিক আকাশপথে বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ স্টারলিংক ইন্টারনেট সেবা-যুক্ত বৃহৎ উড়োজাহাজ হিসেবে যুক্ত হতে যাচ্ছে।

মঙ্গলবার (৫ মে) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ইনস্টলেশন সম্পন্ন হওয়ার পর প্রথম এ৩৮০ ইতোমধ্যেই দুবাই থেকে উড্ডয়ন করেছে। নতুন ব্যবস্থায় আগের তুলনায় প্রায় ১,০০০ গুণ দ্রুত ইন্টারনেট সেবা পাওয়া যাবে, যার মোট ব্যান্ডউইথ ২ জিবিপিএস-এর বেশি।

সব শ্রেণির যাত্রীরা বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট সুবিধা পাবেন, যার মাধ্যমে ৪০,০০০ ফুট উচ্চতায় বসে স্ট্রিমিং, গেমিং, ব্রাউজিং ও কাজ করা সম্ভব হবে। ভবিষ্যতে ব্যক্তিগত ডিভাইসে লাইভ টিভি স্ট্রিমিং সুবিধাও যুক্ত হবে।

এ৩৮০ উড়োজাহাজের বড় আকার ও ডাবল-ডেক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে তিনটি উন্নত অ্যান্টেনা ও একাধিক অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করা হয়েছে।

২০২৬ সালের মধ্যে আরও কয়েকটি এ৩৮০ উড়োজাহাজে এই স্টারলিংক ইন্টারনেট যুক্ত করা হবে। এমিরেটসের ২৫টি বোয়িং ৭৭৭ উড়োজাহাজেও ইতোমধ্যে এই প্রযুক্তি সংযোজন করা হয়েছে।

এখন পর্যন্ত ৬ লাখ ৫০ হাজারের বেশি যাত্রী এই উচ্চগতির ইন্টারনেট সেবা গ্রহণ করেছেন বলে জানা গেছে।

এমিরেটস যাত্রীসেবা উন্নয়নে ধারাবাহিক বিনিয়োগের অংশ হিসেবে ৯৩টি উড়োজাহাজ পুনঃসংস্কারের মাধ্যমে কেবিন ও ইন-ফ্লাইট বিনোদন ব্যবস্থা আরও আধুনিক করছে।

এয়ারলাইনটি ২০২৫ সালে ২৫ হাজার কেবিন ক্রু প্রশিক্ষণের জন্য একটি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্রও চালু করেছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.