পশ্চিমবঙ্গে ফল ঘোষণার দিনে সংঘর্ষ, আসামেও জয়ের পথে বিজেপি

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিনে সেখানকার বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে। আজ সোমবার (৪ মে) সকালে ভোটগণনা শুরু হয়। এতে দেখা যাচ্ছে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি।

এমন পরিস্থিতিতে আসানসোলের জামুরিয়াতে তৃণমূলের অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

জামুরিয়ার পাশাপাশি কুচবিহারের দিনহাটাতে সংঘর্ষ হয়েছে। সেখানে ভোটগণনা কেন্দ্রের সামনে দুই দলের নেতাকর্মীরা মারামারিতে জড়ান।

এর পাশাপাশি আসানসোলে ভোটগণনা এজেন্টদের মধ্যেও হাতাহাতি হয়। ওই সময় সেখানে বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন তারা। এরপর নিরাপত্তাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আসামেও বিশাল জয়ের পথে বিজেপি

পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের আসামের বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ের পথে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। গত ৯ এপ্রিল সেখানে নির্বাচন হয়। আজ ভোট গণনা চলছে। এতে দেখা যাচ্ছে এনডিএ জোট ১০১টি আসনে এগিয়ে আছে। অপরদিকে পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে ২০০টিতে এগিয়ে বিজেপি।

আসামে ১২৬টি আসনে ভোটগ্রহণ হয়। সরকার গঠনের জন্য আসামের বিধানসভায় ৬৪টি আসনে জিততে হবে কোনো দল বা জোটকে। যা বিজেপির নেতৃত্বাধীন এনডিএ খুব সহজেই পেতে যাচ্ছে।

এনডিএর প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের নেতৃত্বাধীন জোট মাত্র ২১টি আসনে এগিয়ে আছে। দুটি আসনে এগিয়ে এআইইউডিএফ জোট। সর্বশেষ নির্বাচনে অন্যান্য দল চারটি আসন পেলেও এবার তারা খালি হাতে ঘরে ফিরবে।

নিরঙ্কুশ জয়ের মাধ্যমে আসামে আবারও এনডিএ সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন হিমান্ত বিশ্ব শর্মা।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.