বাজেটে সুস্পষ্ট নীতিগত দিক নির্দেশনা থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ড. ফাহমিদা খাতুন। তিনি বলেন, দেশের সম্পদ সঞ্চালন কম হওয়ায় ব্যয় সাশ্রয়ী বাজেট প্রণয়ন জরুরি। বাজেট ঘাটতি পূরণে সরকার ব্যাংকিং খাত থেকে অতিরিক্ত ঋণ নিচ্ছে, যা অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। শুধু বাণিজ্যিক ব্যাংক নয়, কেন্দ্রীয় ব্যাংক থেকেও ঋণ নেওয়া হচ্ছে, যা দীর্ঘমেয়াদে আত্মঘাতী হতে পারে।
শনিবার (২ মে) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘জ্বালানির মূল্যবৃদ্ধি নয়, বৈশ্বিক পরিস্থিতি জীবনযাত্রার ব্যয় বাড়ার প্রধান কারণ’ শীর্ষক ছায়া সংসদে এসব কথা বলেন তিনি।
সেন্টার ফর পলিসি ডায়ালগ-এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, বাজেট ঘাটতি পূরণে সরকার ব্যাংকিং খাত থেকে অতিরিক্ত ঋণ নিচ্ছে, যা অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। শুধু বাণিজ্যিক ব্যাংক নয়, কেন্দ্রীয় ব্যাংক থেকেও ঋণ নেওয়া হচ্ছে, যা দীর্ঘমেয়াদে আত্মঘাতী হতে পারে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক উৎস থেকে অর্থায়নের ওপর জোর দেওয়ার পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক অস্থিরতায় সাধারণ মানুষের স্বস্তির জন্য আমদানি করা পণ্যের ওপর ভ্যাট-ট্যাক্স সাময়িকভাবে প্রত্যাহার করা যেতে পারে। তবে বাজার ব্যবস্থাপনা দুর্বল থাকলে এর সুফল পুরোপুরি পাওয়া যাবে না।
সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, এসব কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
নিম্নবিত্ত জনগোষ্ঠীর সহায়তায় লক্ষ্যভিত্তিক ভর্তুকি দেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি কৃষি, সেচ ও গণপরিবহন খাতে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত, জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির চাপে দেশের অর্থনীতি কঠিন সময় পার করছে।
তিনি বলেন, বৈশ্বিক মন্দার প্রেক্ষাপটে রাজনৈতিক ঐক্যের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রা সহনীয় রাখার উদ্যোগ নেওয়া জরুরি।
ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা কলেজ-এর বিতার্কিকদের পরাজিত করে কবি নজরুল সরকারি কলেজ-এর দল বিজয়ী হয়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.