অধস্তন আদালত মনিটরিংয়ের দায়িত্ব পেলেন ১৩ বিচারপতি

দেশের আটটি বিভাগে অধস্তন আদালতের মনিটরিংয়ের জন্য গঠন করা কমিটি পুর্নগঠন করেছেন প্রধান বিচারপতি।

শনিবার (২ মে) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে থাকা বিজ্ঞপ্তি থেকে এ তথ‍্য জানা গেছে।

এতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি দেশের আটটি বিভাগের জন্য পৃথক পৃথক ১৩টি ‘মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টস’ গঠন করে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিকে উল্লেখিত জেলাগুলোর দায়িত্ব দিয়েছেন। একইসঙ্গে সাচিবিক সহায়তার জন্য বিচার বিভাগীয় ১৩ কর্মকর্তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে।

বরিশাল বিভাগে বিচারপতি শেখ মো. জাকির হোসেন, রাজশাহী-২ বিভাগে (বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ), বিচারপতি মো. হাবিবুল গনি, ঢাকা-১ বিভাগে (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল) বিচারপতি জে বি এম হাসান, খুলনা-১ বিভাগে (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল) বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া, খুলনা-২ বিভাগে (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা) বিচারপতি মো. জাফর আহমেদ, ময়মনসিংহ বিভাগে (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা) বিচারপতি রাজিক আল জলিল, ঢাকা-২ বিভাগে (কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর) বিচারপতি ফাতেমা নজীবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

চট্টগ্রাম-১ বিভাগে (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি) বিচারপতি এস এম কুদ্দুস জামান, রংপুর-১ বিভাগে (রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, চট্টগ্রাম-২ বিভাগে (নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর) বিচারপতি আহমেদ সোহেল, রাজশাহী-১ বিভাগে (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর) বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, রংপুর-২ বিভাগে (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী) বিচারপতি কে এম হাফিজুল আলম এবং সিলেট বিভাগে (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ) বিচারপতি মো. আতাবুল্লাহকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে ২০২২ সালের ২৭ জানুয়ারি আট বিভাগ মনিটরিংয়ের জন্য আট জন বিচারপতিকে দায়িত্ব দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি। পরবর্তী সময়ে সেটি বাড়িয়ে ২০২৩ সালের অক্টোবরে ১৩ জনকে দায়িত্ব দেওয়া হয়। ২০২৫ সালের এপ্রিলে সেটি পুর্নগঠন করা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.