অর্থনীতিকে গতি দিতে ২ বছর ‘পুশ অন’ প্রয়োজন: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান অবস্থায় দেশের অর্থনীতিকে শক্তভাবে এগিয়ে নিতে আগামী দুই বছর বিশেষ ‘পুশ অন’ প্রয়োজন হবে। তৃতীয় বছরে গিয়ে অর্থনীতি স্বাভাবিক গতিতে চলতে শুরু করবে। একই বার্তা তিনি বিশ্বব্যাংক ও আইএমএফকে দিয়েছেন বলেও জানিয়েছেন।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান সব ধরনের বাধা ধীরে ধীরে দূর করা হবে। প্রাইভেট সেক্টরের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করা হবে। সরকার ব্যবসায়ীদের সমস্যাগুলো বুঝতে পারছে এবং সেই অনুযায়ী কাজ করছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৪৬তম সভায় তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে এনবিআর ও এফবিসিসিআই।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা মাত্র দুই মাস হলো দায়িত্ব নিয়েছি। এই অল্প সময়ের মধ্যেই ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছি। প্রাইভেট সেক্টরই অর্থনীতির মূল চালিকাশক্তি, তাই তাদের সমস্যা সমাধানে গুরুত্ব দিচ্ছি। বর্তমানে তৈরি পোশাক (আরএমজি) খাত ভালো করছে, তবে অন্যান্য খাত কেন পিছিয়ে রয়েছে তা খতিয়ে দেখা হবে।

তিনি বলেন, বড় ব্যবসায়ীরা মূলধন সংকটে ভুগছেন—এ বিষয়টি আমি আইএফএম, বিশ্বব্যাংকে জানিয়েছি। ব্যবসার পরিবেশ সহজ করতে ‘ইজ অব ডুয়িং বিজনেস’ উন্নয়নে কাজ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

ব্যবসায়ীদের উদ্দেশে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সম্ভাবনাময় রপ্তানি খাতকে পোশাক খাতের মতো সুযোগ-সুবিধা দেওয়া হবে।

তিনি বলেন, ব্যবসা করতে যত বাধা আছে, আমরা সব বাধা সরিয়ে দিতে চাই। প্রাইভেট সেক্টরের প্রবৃদ্ধিই দেশের অর্থনীতিকে এগিয়ে নেবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.