তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। ১৮৩ রানের লক্ষ্য তাড়া করে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করে কিউইরা। জবাবে ১৮ ওভারে ৪ উইকেটে ১৮৩ রান তোলে বাংলাদেশ।
রান তাড়ায় উদ্বোধনী জুটি চেষ্টা করেছিল ভালো করতে। ৪১ রান এনে দেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। ১৬ বলে ১৭ কেরে কাটা পড়েন নাথান স্মিথের বলে। ওয়ানডাউনে নেমে অধিনায়ক লিটন দাসের ব্যাট থেকে আসে ১৫ বলে ২১। তাকে বোল্ড করেন ইশ সোধি। সোধির বলে আরেক ওপেনার তামিম ফেরেন ২৫ বলে ২০ রানে মন্থর ইনিংস খেলে।
এরপর হাল ধরেন তাওহিদ হৃদয়। সাগরিকায় চার-ছক্কার ফুলঝুড়ি ছোটান তিনি। তাকে সঙ্গ দেন পারভেজ হোসেন ইমন। রান-বলের ব্যবধান কমিয়ে ইমন ফেরেন ১৪ বলে ২৮ রানে। তবে, অবিচল ছিলেন হৃদয়। মাঠ ছাড়েন দলকে জিতিয়ে। ২৭ বলে ২টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত থাকেন ৫১ রানে। হৃদয়ের কাজ সহজ করেন শামীম হোসেন পাটোয়ারী। ১৩ বলের ক্যামিওতে ৩টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৩১ রান করেন শামীম। বাংলাদেশও ২ ওভার ও ৬ উইকেট হাতে রেখে নোঙর ফেলে জয়ের বন্দরে। কিউইদের পক্ষে সোধি দুটি এবং স্মিথ ও ক্লার্কসন নেন একটি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড ১৮২ রানের শক্ত পুঁজি পায়। কাটেনে ক্লার্ক (৫১) ও ড্যান ক্লেভার (৫১) ফিফটি তুলে নিয়ে কিউইদের বড় সংগ্রহের ভিত গড়ে দেন। এক সময় মনে হচ্ছিল তারা ২০০ ছাড়িয়ে যাবে। কিন্তু মাঝপথে লেগ স্পিনার রিশাদ হোসেনের বোলিং তোপে ধস নামে কিউই ইনিংসে। রিশাদ ৩২ রানে ২ উইকেট শিকার করেন। শেষ দিকে অধিনায়ক নিক কেলির ৩৯ ও জশ ক্লার্কসনের ২৭ রানের ওপর ভর করে ৬ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে সফরকারীরা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.