গত মার্চ মাসে জাতীয় রাজস্ব বোর্ড-এর রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়েছে প্রায় ২৬ হাজার কোটি টাকা। আগের বছরের মার্চের তুলনায় আলোচ্য মাসে আদায় বেড়েছে মাত্র ২ দশমিক ৬৭ শতাংশ। বিশেষজ্ঞরা এজন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দেশের অর্থনীতির গতি মন্থরতাকে দায়ী করেছেন।
এনবিআরের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত ৯ মাসে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৯৮ হাজার কোটি টাকা, যা এযাবতকালের রেকর্ড। চলতি অর্থবছর শেষ হতে আরও তিন মাস বাকি রয়েছে। এই সময়ের সম্ভাব্য ঘাটতি বিবেচনায় নিয়ে, পুরো অর্থবছরে সোয়া এক লাখ কোটি টাকা ঘাটতি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
৯ মাসে রাজস্ব আদায়ে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশের বেশি প্রবৃদ্ধি থাকলেও লক্ষ্যমাত্রার তুলনায় এত বড় ব্যবধানের পেছনে অতিরিক্ত উচ্চ লক্ষ্যমাত্রা নির্ধারণকেও দায়ী করা হচ্ছে।
এনবিআরের প্রকাশিত তথ্য অনুযায়ী, সর্বশেষ মার্চ মাসে আমদানি শুল্ক আদায়ে প্রবৃদ্ধি না হয়ে উল্টো আগের বছরের একই সময়ের তুলনায় কমে গেছে। অন্যদিকে একই সময়ে ভ্যাট ও আয়কর আদায় বেড়েছে যথাক্রমে ৪ দশমিক ৮৬ শতাংশ ও ২ দশমিক ৭৭ শতাংশ।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.