দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং বিশ্বের জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড হিরো বাংলাদেশ (এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিমিটেড)-এর মধ্যে এক যুগান্তকারী সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে এখন থেকে দেশে বিক্রিত প্রতিটি হিরো মোটরসাইকেলের সাথে ক্রেতারা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের বিশেষ বীমা সুরক্ষা সুবিধা উপভোগ করবেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সম্প্রতি এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিমিটেড-এর প্রধান অর্থ কর্মকর্তা ও কোম্পানি সেক্রেটারি জনাব বিজয় কুমার মন্ডল এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ এমদাদ উল্লাহ।
চুক্তির মূল লক্ষ্য হলো মোটরসাইকেল রাইডারদের পথচলাকে আরও নিরাপদ করা এবং ক্রয়ের সাথে সাথেই আর্থিক সুরক্ষা নিশ্চিত করা। এই উদ্যোগকে বাংলাদেশের অটোমোবাইল ও বীমা খাতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় হিসেবে দেখা হচ্ছে।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক জনাব মোহাম্মদ শরীফ হাসান বলেন, দুর্ঘটনায় প্রাণ ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, তবে পরিবারকে অর্থনৈতিকভাবে সুরক্ষা দেওয়া যায়। রাইডারদের অনাকাঙ্ক্ষিত ঝুঁকি মোকাবিলায় এই বীমা সেবা সহায়ক ভূমিকা রাখবে।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ এমদাদ উল্লাহ বলেন, বীমা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ঝুঁকি কমাতে এই অংশীদারিত্ব নতুন দিগন্ত উন্মোচন করবে।
অন্যদিকে হিরো বাংলাদেশ-এর পক্ষে জনাব বিজয় কুমার মন্ডল বলেন, দুর্ঘটনায় কোনো পরিবার যেন বিপর্যয়ের মুখে না পড়ে, সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে আসন্ন কোরবানির ঈদের আগে প্রতিটি বাইকের সাথে এই বীমা সুবিধা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে দেশে বীমা সচেতনতা বৃদ্ধি পাবে এবং গ্রাহকরা সাশ্রয়ী উপায়ে মানসম্মত বীমা সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.