১৯ দিনে রেমিট্যান্স এলো ২ বিলিয়ন ডলারের বেশি

আগামী মাসে ঈদুল আযহা সামনে রেখে প্রবাসীরা দেশে অর্থ পাঠানো বাড়িয়েছেন। এতে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে। চলতি এপ্রিল মাসের প্রথম ১৯ দিনেই দেশে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

সোমবার (২০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

খাত সংশ্লিষ্টদের মতে, ঈদকে কেন্দ্র করে কোরবানির পশু কেনা এবং পরিবারের অতিরিক্ত ব্যয়ের কথা বিবেচনায় নিয়ে প্রবাসীরা বেশি অর্থ পাঠাচ্ছেন। ফলে রেমিট্যান্স প্রবাহে চাঙাভাব দেখা যাচ্ছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব ফেলছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিলের প্রথম ১৯ দিনে ২১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২২ টাকা ৭০ পয়সা ধরে) এই অর্থের পরিমাণ প্রায় ২৬ হাজার কোটি টাকার বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত মার্চ মাসে প্রবাসীরা ৩৭৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছিলেন, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। এর আগে ফেব্রুয়ারি মাসে প্রবাসী আয় ছিল ৩০২ কোটি বা ৩ দশমিক ০২ বিলিয়ন ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৯ এপ্রিল পর্যন্ত মোট দুই হাজার ৮৩৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৬ শতাংশ বেশি। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স ছিল দুই হাজার ৩৫০ কোটি মার্কিন ডলার।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.