প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন ফেস্টের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল থেকে প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক পর্যায়ের একাডেমিক প্রোগ্রাম—ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বি.এ. (অনার্স) ইন ইংলিশ, ব্যাচেলর অব লজ (এলএল.বি. অনার্স), বি.এস.এস. (অনার্স) ইন ইকোনমিক্স এবং বি.এসসি. ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)—এর অনুকূলে অ্যাক্রেডিটেশন সনদপ্রাপ্তি উপলক্ষে প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে অ্যাক্রেডিটেশন ফেস্টের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা থেকে দিনব্যাপী চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে অনলাইনে অংশগ্রহণ করেন। প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।

রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনিরের সঞ্চালনায় প্রধান অতিথি ডা. শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশে প্রিমিয়ার ইউনিভার্সিটিই প্রথম পাঁচটি স্নাতক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন সনদ অর্জন করেছে, যা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামবাসীর জন্য গর্বের বিষয়। তিনি বলেন, এটি মানসম্মত শিক্ষা, দক্ষ শিক্ষক ও যুগোপযোগী পাঠ্যক্রমের প্রতিফলন। ভবিষ্যতে আরও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রোগ্রাম যুক্ত করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, এই অর্জনের ফলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে পেশাগত ক্ষেত্রে উন্নত সুযোগ-সুবিধা পাবে।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, অ্যাক্রেডিটেশন শুধু সনদ নয়, এটি শিক্ষার গুণগত মানের স্বীকৃতি। তিনি জানান, বিশ্ববিদ্যালয় শুরু থেকেই শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, এই অর্জন ধরে রাখতে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং শিক্ষার্থীদের দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথি প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার বলেন, এই অ্যাক্রেডিটেশন বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক পরিচিতি বাড়াবে। তিনি বলেন, এটি দীর্ঘ মূল্যায়ন প্রক্রিয়ার ফল এবং শিক্ষার মানোন্নয়নের প্রমাণ। ভবিষ্যতে গবেষণা ও শিল্পখাতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার ওপর তিনি গুরুত্ব দেন।

উল্লেখ্য, গত ১২ মার্চ ২০২৬ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত সভায় এসব সনদ প্রদান করা হয়। প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য সংশ্লিষ্ট বিভাগীয় শিক্ষকদের সঙ্গে সনদ গ্রহণ করেন। এছাড়া কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের জন্য একটি কনফিডেন্স সার্টিফিকেটও প্রদান করা হয়।

অ্যাক্রেডিটেশন ফেস্টের দ্বিতীয় পর্বে বিভিন্ন বিভাগ ও ক্লাব তাদের কার্যক্রম প্রদর্শন করে। এতে ব্যবসায় প্রশাসন, সিএসই, ইংরেজি, আইন, অর্থনীতি, ইইই, স্থাপত্য, গণিত, সমাজতত্ত্ব, ফ্যাশন ডিজাইন, পাবলিক হেলথসহ বিভিন্ন বিভাগ অংশ নেয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিলের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.