যুদ্ধের ৫০ দিনে বিশ্ব ৫০ বিলিয়ন ডলার মূল্যের অপরিশোধিত তেল হারিয়েছে

ইরান যুদ্ধ আধুনিক ইতিহাসের অন্যতম বড় বৈশ্বিক জ্বালানি সরবরাহ–সংকট তৈরি করেছে। বিশ্লেষক ও বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী, এই যুদ্ধের কারণে মাত্র ৫০ দিনে বিশ্ব ৫০ বিলিয়ন ডলার মূল্যের অপরিশোধিত তেল হারিয়েছে।

কীভাবে এই বিপুল মূল্যমানের তেল হারাল বিশ্ব?

হিসাবটির বিষয়ে রয়টার্সের ব্যাখ্যা হলো, ইরান যুদ্ধের কারণে ৫০ দিনে যে পরিমাণ অপরিশোধিত তেল উৎপাদিত হয়নি, তার মূল্যই ৫০ বিলিয়ন ডলারের বেশি।

আর এই সংকটের অভিঘাত আগামী কয়েক মাস, এমনকি কয়েক বছর পর্যন্ত অনুভূত হবে বলে রয়টার্সের প্রতিবেদনে সতর্ক করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি এই সংকট শুরু হয়। সেদিন ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরে অবশ্য ১৪ দিনের যুদ্ধবিরতি হয়। এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পথে।

বাজার বিশ্লেষণভিত্তিক প্রতিষ্ঠান কেপলার-এর তথ্য বলছে, সংকট শুরুর পর বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও কনডেনসেট সরবরাহ ৫০ কোটি ব্যারেলের বেশি কম হয়েছে। অর্থাৎ, এই পরিমাণ তেল উৎপাদিত হয়নি।

আধুনিক ইতিহাসে জ্বালানি বাজারে এমন বড় বিঘ্ন আর কখনো ঘটেনি বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.