পাঁচ ব্যাংকের সঙ্গে বিডার চুক্তি

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং ব্যবসাবান্ধব পরিবেশ সহজ করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) তাদের অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্ম সম্প্রসারণের অংশ হিসেবে পাঁচটি বেসরকারি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

রবিবার (১৯ এপ্রিল) বিডার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির নির্বাহী সদস্য এয়ার কমোডর মো. শাহারুল হুদা।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিনিয়োগকারীদের দ্রুত, সহজ ও আধুনিক সেবা দিতে বিডা ধারাবাহিকভাবে ওএসএস প্ল্যাটফর্মকে শক্তিশালী করছে। এরই অংশ হিসেবে শীর্ষস্থানীয় পাঁচটি ব্যাংককে এই প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে, যাতে বিনিয়োগকারীরা এক জায়গা থেকেই প্রয়োজনীয় ব্যাংকিং সেবা নিতে পারেন।

চুক্তিবদ্ধ ব্যাংকগুলো হলো— ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি, ওয়ান ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, সীমান্ত ব্যাংক পিএলসি এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি।

এই চুক্তির ফলে এখন থেকে বিনিয়োগকারীরা ওএসএস পোর্টালের মাধ্যমে অনলাইনে ব্যাংক হিসাব খোলা এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য অস্থায়ী হিসাব খোলার মতো গুরুত্বপূর্ণ সেবা গ্রহণ করতে পারবেন।

বর্তমানে বিডার ওএসএস প্ল্যাটফর্মে ১৪২টি সেবা চালু রয়েছে এবং এর সঙ্গে বিডাসহ ৪৭টি স্টেকহোল্ডার প্রতিষ্ঠান যুক্ত আছে। এখন পর্যন্ত এই প্ল্যাটফর্মের মাধ্যমে দুই লাখ ১৫ হাজারের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। নতুন পাঁচটি ব্যাংক যুক্ত হওয়ায় সেবার পরিধি আরও বিস্তৃত হবে।

উল্লেখ্য, বিভিন্ন সংস্থার সঙ্গে বিডা এখন পর্যন্ত মোট ৬৮টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ভবিষ্যতে ওএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে ৬০টি প্রতিষ্ঠানের ১৫০টির বেশি সেবা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ‘বাংলাবিজ’ নামে সমন্বিত একটি সিঙ্গেল প্ল্যাটফর্মের মাধ্যমেও এসব সেবা পাওয়া যাবে।

অনুষ্ঠানের শুরুতে বিডার পরিচালক (ওএসএস ও ডাটা অ্যানালাইটিকস) সুনীল কুমার অধিকারী স্বাগত বক্তব্য দেন। ওএসএস সিস্টেম নিয়ে উপস্থাপনা করেন মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়। এছাড়া অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর শীর্ষ কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধিরা বক্তব্য দেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.