দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণের আমন্ত্রণ পেলেন আসিফ মাহমুদ

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬’-এর একটি গুরুত্বপূর্ণ সেশনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সম্প্রতি ইউনেস্কো এপিসিআইসি-এর পক্ষ থেকে তাকে এই আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী ১৩ থেকে ১৫ মে দক্ষিণ কোরিয়ার গোয়াংজু শহরে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি হিসেবে এই সেশনে যোগদানের জন্য আসিফ মাহমুদের নাম প্রস্তাব করা হয়েছে। ফোরামের আয়োজক সংস্থা জিআইসি-এর অন্তর্গত ডব্লিউএইচআরসিএফ সচিবালয়ের এপিসিআইসি সমন্বয়কারী অ্যামি পার্ক এক ইমেইল বার্তায় এই আমন্ত্রণ নিশ্চিত করেছেন।

ইউনেস্কো এপিসিআইসি মূলত এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শহরগুলোর মধ্যে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই নগর পরিবেশ নিশ্চিত করতে কাজ করে। শহরগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আধুনিক নগরায়ণের সেরা পদ্ধতিগুলো বিনিময়ের লক্ষ্যে এই ফোরামটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়।

আমন্ত্রণপত্রে আয়োজক সংস্থা উল্লেখ করেছে, আসিফ মাহমুদের অংশগ্রহণ এই সেশনে নতুন মাত্রা যোগ করবে এবং শহরগুলোর মধ্যে সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার সুযোগ অন্বেষণে সহায়ক হবে।

উল্লেখ্য, ইউনেস্কো এপিসিআইসি মূলত ইউনেস্কোর ‘ইন্টারন্যাশনাল কোয়ালিশন অফ ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইনেবল সিটিস’-এর সাতটি আঞ্চলিক জোটের অন্যতম একটি শক্তিশালী সংগঠন। ২০০৬ সাল থেকে সংস্থাটি বিশ্বব্যাপী নগর উন্নয়নে কাজ করে আসছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.