ইরান যুদ্ধের ৫০ দিনে বিশ্ববাজারে তেল খাতে ৫০ বিলিয়ন ডলারের ক্ষতি

প্রায় ৫০ দিন আগে শুরু হওয়া ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। এই সময়ে বিশ্ব বাজারে প্রায় ৫০ বিলিয়ন বা ৫ হাজার কোটি মার্কিন ডলারের অপরিশোধিত তেল সরবরাহ ক্ষতির মুখে পড়েছে বলে গণমাধ্যম ও আন্তর্জাতিক বিশ্লেষকদের হিসাব থেকে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ শুরুর পরপরই হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে পৌঁছায় এবং বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে আগে বিশ্বের মোট জ্বালানির প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হতো।

কেপলার নামের শিপিং ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ববাজারে ৫০০ মিলিয়নেরও বেশি ব্যারেল অপরিশোধিত তেল ও কনডেনসেট সরবরাহ ব্যাহত হয়েছে, যা আধুনিক ইতিহাসে অন্যতম বড় জ্বালানি বিঘ্ন হিসেবে বিবেচিত হচ্ছে।

উড ম্যাকেঞ্জির প্রধান বিশ্লেষক ইয়াত মোয়াত বলেন, এই পরিস্থিতির প্রভাবকে তুলনা করা যায় বিশ্বব্যাপী ১০ সপ্তাহ বিমান চলাচল বন্ধ থাকা, ১১ দিন সড়ক পরিবহন না চলা বা কয়েক দিনের জন্য বৈশ্বিক অর্থনীতিতে তেল সম্পূর্ণ অনুপস্থিত থাকার পরিস্থিতির সঙ্গে।

গণমাধ্যমের হিসাব অনুযায়ী, এই ৫০০ মিলিয়ন ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের এক মাসের চাহিদা পূরণের সমান এবং পুরো ইউরোপের এক মাসের চাহিদার চেয়েও বেশি। একই পরিমাণ তেল দিয়ে আন্তর্জাতিক নৌপরিবহন শিল্প প্রায় চার মাস চালানো সম্ভব হতো।

যুদ্ধের প্রভাবে উপসাগরীয় দেশগুলো থেকেও উৎপাদন ও রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমেছে। মার্চ মাসে দৈনিক প্রায় ৮০ লাখ ব্যারেল তেল উৎপাদন ব্যাহত হয়েছে, যা এক্সন মবিল এবং শেভরনের সম্মিলিত উৎপাদনের সমান বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়।

এছাড়া ফেব্রুয়ারির তুলনায় মার্চ–এপ্রিলে জেট ফুয়েল রপ্তানি ১৯ দশমিক ৬ মিলিয়ন ব্যারেল থেকে কমে ৪১ লাখ ব্যারেলে নেমে আসে, যা বৈশ্বিক বিমান চলাচলে বড় প্রভাব ফেলেছে।

কেপলারের জ্যেষ্ঠ বিশ্লেষক জোহানেস রাউবল বলেন, সংঘাত শুরুর পর থেকে অপরিশোধিত তেলের গড় দাম প্রায় ১০০ ডলার থাকায় উৎপাদন ব্যাহত হওয়া তেলের মোট আর্থিক ক্ষতি প্রায় ৫০ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছেছে, যা কয়েকটি ছোট দেশের জিডিপির সমান।

বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা অব্যাহত থাকলে জ্বালানি বাজারে চাপ আরও বাড়বে এবং এর প্রভাব আগামী কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত বিশ্ব অর্থনীতিতে থাকতে পারে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.