জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস অনুষ্ঠিত

বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে গত ১৮ এপ্রিল রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল-এ অনুষ্ঠিত হয়েছে স্বপ্নের পরিবেশনায়, সিঙ্গার ও বাটার সঞ্চালনায় এবং কনকা ও গ্রি (ইলেক্ট্রো মার্ট লিমিটেড)-এর সহযোগিতায় বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬-এর ৮ম আয়োজন। এবারের কংগ্রেসের প্রতিপাদ্য ছিল “ট্রান্সফর্মিং রিটেইল থ্রু নলেজ।”

শনিবার (১৮ এপ্রিল) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

দিনব্যাপী এই সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় রিটেইলার, ব্র্যান্ড নেতৃত্ব, সাপ্লাই চেইন বিশেষজ্ঞ, বিপণন পেশাজীবী এবং বিভিন্ন খাতের সিদ্ধান্তগ্রহণকারীরা অংশ নেন। আলোচনায় উঠে আসে বাংলাদেশের রিটেইল খাতের পরিবর্তনশীল বাস্তবতা, যেখানে ডাটা-নির্ভর কৌশল, গ্রাহক আচরণ বিশ্লেষণ, অপারেশনাল দক্ষতা এবং প্রযুক্তির ব্যবহার ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

কংগ্রেসে ৩টি কি-নোট সেশন, ৩টি প্যানেল আলোচনা এবং ২টি ইনসাইট সেশন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী বক্তব্যে সাজিদ মাহবুব, গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড এক্সিকিউটিভ এডিটর, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম; ভাইস প্রেসিডেন্ট, চ্যাপ্টার ডেভেলপমেন্ট- এশিয়া প্যাসিফিক অ্যান্ড গ্লোবাল ডিরেক্টর অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাডভারটাইজিং অ্যাসোসিয়েশন; চিফ ডিজিটাল অফিসার, এশিয়া মার্কেটিং ফেডারেশন (এএমএফ), বলেন, “বর্তমান সময়ে রিটেইল খাতকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে জ্ঞানকে কার্যকর কাজে রূপান্তরের সক্ষমতা। পরিবর্তিত গ্রাহক চাহিদা বোঝা এবং দ্রুত অভিযোজনই ভবিষ্যতের নেতৃত্ব নির্ধারণ করবে।”

কি-নোট সেশনে বক্তব্য রাখেন আশরাফ বিন তাজ, ম্যানেজিং ডিরেক্টর, ইন্টারন্যাশনাল ডিসট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ পিএলসি; বোর্ড ডিরেক্টর, এসিআই পিএলসি; এডভাইজর, এশিয়া মার্কেটিং ফেডারেশন (এএমএফ); বোর্ড মেম্বার, মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ (এমএসবি); শাদমান সাদিকিন, হেড, কাস্টমার বিজনেস ডেভেলপমেন্ট (সিবিডি), ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং সামি আশরাফ, চিফ এক্সিকিউটিভ অফিসার, ওমনি স্ট্র্যাটেজি। আলোচনায় ডিস্ট্রিবিউশন দক্ষতা, উদ্দেশ্যনির্ভর ব্যবসায়িক কৌশল এবং প্রযুক্তিনির্ভর রিটেইল ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

অন্যান্য আলোচনায় রিটেইল খাতের ভবিষ্যৎ ধারা, ব্যবসায়িক উদ্দেশ্য ও মুনাফার মধ্যে ভারসাম্য, তৈরি পোশাক খাতের ভ্যালু চেইনের রূপান্তর, এবং গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে ডাটা, পার্সোনালাইজেশন ও প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব পায়।

আয়োজনটিতে বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন ফারিয়া ইয়াসমিন, ম্যানেজিং ডিরেক্টর, বাটা বাংলাদেশ; এমএইচএম ফাইরোজ, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড; দীপেশ নাগ, ম্যানেজিং ডিরেক্টর, গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড; এবং বিজিএমইএ ও অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

সম্মেলনের শেষভাগে জ্ঞানকে রিটেইল খাতের রূপান্তরের মূল চালিকাশক্তি হিসেবে গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা আরও তথ্যনির্ভর, অভিযোজনক্ষম এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি টেকসই রিটেইল ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

স্বপ্নের পরিবেশনায়, সিঙ্গার ও বাটার সঞ্চালনায় এবং কনকা ও গ্রি (ইলেক্ট্রো মার্ট লিমিটেড)-এর সহযোগিতায় আয়োজিত এই কংগ্রেসে স্ট্র্যাটেজিক, নলেজ, অফিসিয়াল ক্যারিয়ার, হসপিটালিটি ও পিআর পার্টনারসহ বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠান যুক্ত ছিল।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.