ইরানের ইউরেনিয়াম ইস্যুতে যুক্তরাষ্ট্রকে যৌক্তিক হওয়ার আহ্বান রাশিয়া

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের যৌক্তিক অবস্থানে আসা উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সেই সঙ্গে যুদ্ধ বন্ধ করে কূটনৈতিক পন্থায় দুই দেশের মতপার্থক্য দূর করার ওপরও জোর দিয়েছেন তিনি।

বুধবার (১৫ এপ্রিল) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

গতকাল চীন সফরে গিয়েছেন সের্গেই ল্যাভরভ। সেখানে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ইন্টারন্যাশনাল অ্যাটমিক অ্যানার্জি এজেন্সি জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ পরিষদ আইএইএ কখনও বলেনি যে ইরান সামরিক উদ্দেশে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। আমি আশা করব যে এ ইস্যুতে যুক্তরাষ্ট্র যৌক্তিক অবস্থানে আসবে এবং মধ্যপ্রাচ্যে হামলা বন্ধ করবে; কারণ এই যুদ্ধে শুধু ইরান নয়, যুক্তরাষ্ট্রের মিত্ররাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

“সেই সঙ্গে আমি যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক পন্থায় ইরানের সঙ্গে তাদের মতপার্থক্যগুলোর দূর করার আহ্বান জানাচ্ছি। ওয়াশিংটন যদি কূটনৈতিক উপায়ে ইরানের সঙ্গে সমস্যা মিটমাট করতে চায় সেক্ষেত্রে রাশিয়া সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে।”

উল্লেখ্য, ইরানের কাছে ৪০০ কেজি ইউরেনিয়াম আছে। জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থার আইএইএ তথ্য অনুযায়ী, এই ইউরেনিয়াম ৬০ শতাংশ বিশুদ্ধ বা পরিশুদ্ধ।

এই ইউরেনিয়ামের বিশুদ্ধতার মান যদি ৯০ শতাংশে উন্নীত করা হলেই পরমাণু বোমা তৈরি করতে পারবে ইরান। কারণ পরমাণু বোমা তৈরির জন্য ইউরেনিয়ামের মান ন্যূনতম ৯০ শতাংশ হওয়া জরুরি।

গত বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে যে পরমাণু প্রকল্পের আড়ালে পারমাণবিক বোমা তৈরি করছে ইরান, তবে তেহরান এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

পরমাণু প্রকল্প নিয়ে বছরের পর বছর ধরে চলমান বিরোধের জেরেই গত ২৮ এপ্রিল থেকে ইরানে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.