দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের মধ্যে ১১টি বিতর্কিত এস আলম গ্রুপের প্রতিষ্ঠান থাকার তথ্য প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়।
সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাতের প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানান।
তালিকায় থাকা এস আলম গ্রুপের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড, এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, সোনালী ট্রেডার্স, গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন লিমিটেড, কেমন ইস্পাত লিমিটেড, এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড, ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মুরাদ এন্টারপ্রাইজ এবং কর্ণফুলি ফুডস প্রাইভেট লিমিটেড।
এস আলম গ্রুপ বর্তমানে অর্থনৈতিক অনিয়ম ও ব্যাংকিং খাতে ব্যাংক দখল সম্পর্কিত অভিযোগে তদন্তের মুখোমুখি রয়েছে। গ্রুপের চেয়ারম্যান জনাব সাইফুল আলম একাধিক অর্থ আত্মসাৎ ও পাচার মামলার অভিযোগের সম্মুখীন।
তদন্ত সংশ্লিষ্ট তথ্যে জানা গেছে, গ্রুপটি সন্দেহজনক পদ্ধতিতে একাধিক বেসরকারি ব্যাংক নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছে। এর মধ্যে ইসলামী ব্যাংকও রয়েছে। এছাড়া শেল কোম্পানি ও জামানতবিহীন ঋণের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে, যা ব্যাংকিং খাতে তারল্য সংকট সৃষ্টি করেছে।
গ্রুপটির বিরুদ্ধে বড় পরিসরের অর্থ পাচার এবং কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া অফশোর সম্পদ অর্জনের বিষয়েও তদন্ত চলছে।
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর খেলাপি অর্থ পুনরুদ্ধারের অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রুপটির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.