পেট্রোবাংলার পরিচালক ও ইডিসিএল এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলাম এবং এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আ. সামাদ মৃধার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধ গ্যাস-সংযোগ, বিল মওকুফ এবং বিদেশিদের কাছে দেশের গ্যাস মজুতসংক্রান্ত তথ্য বিক্রির মাধ্যমে ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল আদালতে করা আবেদনে জানান, অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে অভিযুক্ত ব্যক্তি দেশ ছেড়ে পালাতে পারেন, যা অনুসন্ধানের স্বার্থে বাধা হয়ে দাঁড়াতে পারে।

অন্যদিকে, ইডিসিএলের এমডি আ. সামাদ মৃধার বিরুদ্ধে কেনাকাটায় টেন্ডার-বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগের অনুসন্ধান করছে দুদক। দুদকের সহকারী পরিচালক নুরুল ইসলাম তাঁর আবেদনে উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। উভয় আবেদনের শুনানি শেষে আদালত তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন বলে গণমাধ্যমকে জানানো হয়।

দুদকের সূত্রমতে, সরকারি এই দুই উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বর্তমানে তাঁদের অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদের বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা যাতে আইনি প্রক্রিয়া এড়াতে দেশত্যাগ করতে না পারেন, তা নিশ্চিত করতেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.