বাংলাদেশের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) অর্থায়ন-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় গবেষণানির্ভর সমাধান খুঁজতে যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটির দ্য ফ্লেচার স্কুলের সঙ্গে যৌথভাবে দুই দিনব্যাপী নেতৃত্ববিষয়ক কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।
শনিবার (২৮ নভেম্বর) ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, ব্যাংকার, ক্ষুদ্রঋণ পেশাজীবী ও উন্নয়নকর্মীরা অংশ নেন। সুবিধাবঞ্চিত উদ্যোক্তাদের জন্য প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ কীভাবে আরও সহজ করা যায়, তা নিয়ে তাঁরা আলোচনা করেন।
গত ১০ নভেম্বর ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান।
‘টুওয়ার্ডস ক্লোজিং দ্য গ্যাপ ইন এমএসএমই ফাইন্যান্সিং ইন বাংলাদেশ: রিসার্চ ডিসক্লোজার অ্যান্ড এইট-কিউএম মেথড ফর পলিসি ডেভেলপমেন্ট’ শীর্ষক কর্মশালাটি পরিকল্পনা ও পরিচালনা করে ফ্লেচার লিডারশিপ প্রোগ্রাম ফর ফিন্যান্সিয়াল ইনক্লুশন (এফএলপিএফআই)। কর্মশালার অন্যতম আকর্ষণ ছিল নীতি উন্নয়ন ও গবেষণায় ‘এইট-কিউএম’ পদ্ধতিবিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন। এতে নেতৃত্ব দেন টাফটস ইউনিভার্সিটির অধ্যাপক এলকে জানস-হার্মস ও ক্যারোলিন হল ম্যাকমাহন। এ পদ্ধতির মাধ্যমে অংশগ্রহণকারীরা অর্থায়নের প্রতিবন্ধকতা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত মূল্যায়ন, গবেষণার বিষয় নির্ধারণ এবং বাস্তবসম্মত নীতিগত সমাধান খুঁজে বের করার প্রক্রিয়া সম্পর্কে ধারণা পান।
কর্মশালায় ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, বাংলাদেশের অর্থনীতির জন্য এমএসএমই খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এখনো অনেক উদ্যোক্তার জন্য সহজ শর্তে অর্থায়ন পাওয়া বড় চ্যালেঞ্জ। গবেষণা, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও বাস্তব জ্ঞানের সমন্বয়ে অর্থায়নের ঘাটতি বিশ্লেষণ করতে এ উদ্যোগ নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে একই প্ল্যাটফর্মে এনেছে।
তিনি আশা প্রকাশ করেন, এ আলোচনা তথ্য-উপাত্তভিত্তিক নীতিমালা প্রণয়ন এবং অর্থায়নের দীর্ঘদিনের প্রতিবন্ধকতা দূর করে কার্যকর সমাধান খুঁজে পেতে ভূমিকা রাখবে। এফএলপিএফআইয়ের পরিচালক মেলিটা সয়ার বলেন, এমএসএমই খাত বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। এ খাত দেশজুড়ে জীবিকা ও কর্মসংস্থান সৃষ্টি করছে। তবে ব্যবসা সম্প্রসারণের প্রয়োজনীয় আর্থিক সেবা পেতে এখনো অনেক উদ্যোক্তাকে বাধার মুখে পড়তে হচ্ছে। অর্থায়ন নিয়ে গবেষণানির্ভর সমাধান তৈরিতে ব্যাংক, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক সংস্থা ও উন্নয়ন সহযোগীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন তিনি।
কর্মশালায় বাংলাদেশের এমএসএমই অর্থায়নের ঘাটতি নিয়ে গবেষণাপত্র উপস্থাপন করেন ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান এবং ২০২২ সালের এফএলপিএফআই অ্যালামনাই ও রিসার্চ ফেলো মো. নাজমুল হাসান। তার গবেষণায় ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক ঋণ পাওয়ার প্রতিবন্ধকতাগুলো তুলে ধরা হয়। পাশাপাশি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের কার্যকর মডেল অনুসরণ করে বাণিজ্যিক ব্যাংকগুলো কীভাবে আরও সহজ ও অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন সুবিধা চালু করতে পারে, তা বিশ্লেষণ করা হয়।
এ ছাড়া কর্মশালায় বাংলাদেশ ব্যাংক, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি, বাণিজ্যিক ব্যাংক, ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। কর্মশালাটির মূল পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে ছিল এফএলপিএফআই ও দ্য ফ্লেচার স্কুল। অন্যদিকে ব্র্যাক ব্যাংক প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা, ভেন্যু সহায়তা এবং ব্যাংকের জ্যেষ্ঠ ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট দলের অংশগ্রহণ নিশ্চিত করে। সুবিধাবঞ্চিত উদ্যোক্তাদের জন্য আর্থিক সেবার পরিধি বাড়াতে পারস্পরিক সহযোগিতা ও গবেষণানির্ভর নীতিমালা প্রণয়নের গুরুত্ব তুলে ধরার মধ্য দিয়ে কর্মশালাটি শেষ হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.