শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৬-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ‘প্রটেক্টিং ম্যাক্রো-ফিসক্যাল স্ট্যাবিলিটি অ্যান্ড বিল্ডিং ইনভেস্টর ট্রাস্ট’ প্রতিপাদ্যে আয়োজিত দিনব্যাপী এ সম্মেলনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের হিসাব পেশাজীবী, নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, আর্থিক বিশেষজ্ঞ ও ব্যবসায়ী নেতারা অংশ নেন।
রাষ্ট্রপতি বলেন, করপোরেট সুশাসন, নীতিনির্ধারণ এবং জবাবদিহি নিশ্চিত করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অবৈধ আর্থিক প্রবাহ, জলবায়ু ঝুঁকি ও প্রযুক্তিগত পরিবর্তনের মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সাফার মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করতে হবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার। বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে মানসম্মত নিরীক্ষা ও বিশ্বাসযোগ্য আর্থিক প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথির বক্তব্যে অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জনআস্থা বজায় রাখতে বিচক্ষণ রাজস্ব ব্যবস্থাপনা, সক্ষম আর্থিক প্রতিষ্ঠান এবং সমন্বিত নীতিনির্ধারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আইসিএবির প্রেসিডেন্ট সাব্বীর আহমেদ এফসিএ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন। এতে আরও বক্তব্য রাখেন সাফার প্রেসিডেন্ট মোহাম্মদ হুমায়ুন কবির এফসিএ। মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এম. আলা উদ্দিন আহমদ এফসিএ সম্মেলনের মূল প্রতিপাদ্যের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন।
সম্মেলনে দুটি কারিগরি অধিবেশন ও একটি সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে প্রযুক্তির ভূমিকা, পেশাগত জবাবদিহি ও আস্থা নিয়ে আলোচনা হয়। দ্বিতীয় অধিবেশনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজস্বনীতি এবং রাজস্ব কাঠামোর বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আঞ্চলিক পর্যায়ে জ্ঞান বিনিময় ও পেশাগত সহযোগিতা বাড়াতে সম্মেলনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। একই দিন সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে ২৫তম আইসিএবি অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ড এবং সাফা বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.