বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য অতিরিক্ত ৬ হাজার ৮০০ কোটি টাকার বেশি এবং মাদরাসার জন্য প্রায় ২ হাজার কোটি টাকার প্রয়োজন হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থের হিসাব বিবরণী তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গত রোববার এ-সংক্রান্ত ফাইল অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হলেও এখনো অনুমোদন মেলেনি।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক ঢাকার বাইরে অবস্থান করায় ফাইলটির অনুমোদন প্রক্রিয়া আটকে রয়েছে।
সূত্র আরও জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হবে।
অন্যদিকে, বেসরকারি মাদরাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে অতিরিক্ত প্রায় ২ হাজার কোটি টাকার হিসাব বিবরণী পাঠানো হয়েছে। তবে এ অর্থ বরাদ্দের বিষয়টিও এখনো অনিশ্চিত রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.