ব্যবস্থাপনা ও সুশাসন কাঠামোর দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে এনভিডিয়ার ঋণমান এক ধাপ কমিয়ে দিতে পারে আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস। আগামী ৯০ দিনের মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এসঅ্যান্ডপি জানায়, এনভিডিয়ার ব্যবস্থাপনা ও সুশাসন কাঠামোয় বিদ্যমান ঘাটতি অব্যাহত থাকলে কোম্পানিটির ঋণমান কমানোর বিষয়টি বিবেচনা করা হবে। বর্তমানে এনভিডিয়ার ঋণমান ‘এএ’, যা সংস্থাটির মূল্যায়ন ব্যবস্থায় তৃতীয় সর্বোচ্চ স্তর।
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও পরবর্তী সময়ে পুনরায় দায়িত্বে ফেরার ঘটনা এবং রপ্তানি নিয়ন্ত্রণ বিধি লঙ্ঘনের সম্ভাব্য প্রশ্ন কোম্পানিটির ব্যবস্থাপনা ও সুশাসন কাঠামোর দুর্বলতা সামনে এনেছে বলে মনে করছে এসঅ্যান্ডপি। বিশেষ করে পরিচালনা পর্ষদের গঠন, সদস্যদের যোগ্যতা ও কার্যকারিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
এসঅ্যান্ডপি এনভিডিয়ার ঋণমানকে ‘ক্রেডিটওয়াচ নেগেটিভ ইমপ্লিকেশনস’-এ রেখেছে। অর্থাৎ, আগামী ৯০ দিনের মধ্যে ঋণমান কমানোর সম্ভাবনা রয়েছে। তবে প্রাথমিকভাবে এক ধাপ কমিয়ে ‘এএ মাইনাস’ করার বিষয়টি বিবেচনায় রয়েছে। তদন্ত বা নতুন কোনো তথ্যের ভিত্তিতে কোম্পানিটির সুনাম কিংবা ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ পাওয়া গেলে সিদ্ধান্ত আরও ভিন্ন হতে পারে।
প্রতিবেদনে পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্যের দীর্ঘদিন দায়িত্ব পালনের বিষয়টিও তুলে ধরেছে এসঅ্যান্ডপি। সংস্থাটির মতে, দীর্ঘ মেয়াদে একই ব্যক্তিদের পর্ষদে থাকার কারণে তাদের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হতে পারে।
এনভিডিয়ার চেয়ারম্যান হার্ভি জোনস এবং প্রাথমিক বিনিয়োগকারী টেঞ্চ কক্স ১৯৯৩ সাল থেকে কোম্পানিটির পরিচালনা পর্ষদে রয়েছেন। ব্রুক সিওয়েল পর্ষদে যোগ দেন ১৯৯৭ সালে। মার্ক স্টিভেনস ১৯৯৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত পর্ষদে থাকার পর ২০০৮ সালে আবার যোগ দেন।
এসঅ্যান্ডপি আরও বলেছে, এনভিডিয়ার পর্ষদ ব্যবস্থাপনা ও সুশাসন কাঠামোর উল্লেখযোগ্য ঘাটতি দূর করতে কী ধরনের পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে তারা এখনো নিশ্চিত নয়। এ ছাড়া চীনে কোম্পানিটির ব্যবসায়িক উপস্থিতির কারণে ভূরাজনৈতিক ঝুঁকি ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা নিয়েও প্রশ্ন রয়েছে।
এসঅ্যান্ডপির বিশ্লেষক অ্যান্ড্রু চ্যাং ও ডেভিড সুই বলেন, কয়েক দশক ধরে এনভিডিয়ার ব্যবস্থাপনা শেয়ারহোল্ডারসহ সংশ্লিষ্টদের জন্য উল্লেখযোগ্য মুনাফা তৈরি করেছে। তবে নির্বাহী পর্যায়ে দুর্বল তদারকি এবং উত্তরসূরি নেতৃত্ব তৈরির পরিকল্পনার অভাবের কারণে একজন ব্যক্তির ওপর অতিরিক্ত নির্ভরতার ঝুঁকি সামনে এসেছে।
তাদের মতে, জেনসেন হুয়াংয়ের পদত্যাগ এবং পরবর্তী সময়ে পুনরায় দায়িত্ব গ্রহণের ঘটনায় নির্বাহী কর্মকর্তাদের আচরণ তদারকিতে পরিচালনা পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্নের অবসান হয়নি।
এসঅ্যান্ডপি জানিয়েছে, এসব ঘাটতি দূর করতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার সঙ্গে বৈঠক করবে সংস্থাটি। আলোচনায় পর্ষদের স্বাধীনতা, ব্যবস্থাপনার কার্যকর তদারকি এবং বিশ্বাসযোগ্য নেতৃত্ব পরিবর্তন পরিকল্পনার বিষয়গুলো গুরুত্ব পাবে।
এর আগে গত ১৮ নভেম্বর মুডিস রেটিংস এনভিডিয়ার ঋণমানের পূর্বাভাস ‘পজিটিভ’ থেকে ‘স্টেবল’ বা স্থিতিশীল করে। সুশাসনসংক্রান্ত উদ্বেগের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সোমবার জেনসেন হুয়াং পুনরায় প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ফেরার পরও মুডিস তাদের পূর্বাভাস পরিবর্তন করেনি।
গত ২৩ নভেম্বর হুয়াংয়ের প্রত্যাবর্তনের পর সোমবারের লেনদেনে এনভিডিয়ার শেয়ারের দাম একপর্যায়ে ৩৬ শতাংশ পর্যন্ত বেড়েছিল। তবে সোমবারের সমাপনী দর থেকে পরবর্তী সময়ে শেয়ারটির দাম প্রায় ১২ দশমিক ৫ শতাংশ কমেছে।
ঋণমান কমে গেলে কোম্পানিটির বন্ডের দাম কমতে পারে, বাড়তে পারে বন্ডের সুদহার ও ঋণ গ্রহণের ব্যয়। গত জুনে এসঅ্যান্ডপি এনভিডিয়ার ঋণমান ‘এএ মাইনাস’ থেকে ‘এএ’তে উন্নীত করার পর কোম্পানিটি ২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগযোগ্য মানের বন্ড ছাড়ে। এসব বন্ডের মেয়াদ ২০২৮ থেকে ২০৫৬ সাল পর্যন্ত। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের উচ্চমানের করপোরেট বন্ড সূচকে এনভিডিয়ার প্রায় ৩২ দশমিক ৫ বিলিয়ন ডলারের বন্ড রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.