দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করেছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন কাঠামো অনুযায়ী, শ্রমিকদের সর্বনিম্ন বা চতুর্থ গ্রেডের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। এ ছাড়া প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা এবং তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই মজুরি কাঠামো কার্যকর হবে। ফলে ডিসেম্বর মাসের কাজের বিপরীতে আগামী জানুয়ারিতে পরিশোধ করা বেতনের সঙ্গে শ্রমিকরা নতুন কাঠামো অনুযায়ী মজুরি পাবেন।
মঙ্গলবার বিকেল ৩টায় শুরু হওয়া বোর্ডের চতুর্থ সভা শেষ হয় বুধবার ভোর সাড়ে ৩টার দিকে। প্রায় সাড়ে ১০ ঘণ্টার বৈঠক শেষে ভোর পৌনে ৪টার দিকে সংবাদ ব্রিফিংয়ে সিদ্ধান্তের কথা জানান নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
বোর্ড চেয়ারম্যান জানান, চারটি গ্রেডের মধ্যে প্রথম তিনটির মজুরি মালিক ও শ্রমিকপক্ষের সর্বসম্মতিক্রমে নির্ধারিত হয়েছে। তবে সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে দুই পক্ষ একমত হতে না পারায় ‘বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫’-এর ১২৯(২) বিধি অনুসরণ করে গোপন ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে শ্রমিকপক্ষের সর্বশেষ সংশোধিত প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৬ হাজার টাকা। ভোটাভুটিতে বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন মধ্যবর্তী অঙ্ক অর্থাৎ ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। শ্রমিকপক্ষের দুজন প্রতিনিধি ভোট দেন ১৮ হাজার টাকার পক্ষে। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে চতুর্থ গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়।
নতুন কাঠামো অনুযায়ী, গ্রেড-১ এ মাসিক মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২ এ ২০ হাজার টাকা, গ্রেড-৩ এ ১৯ হাজার ২০০ টাকা এবং গ্রেড-৪ এ ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন মজুরি কাঠামোর পাশাপাশি বিদ্যমান বেতন সমন্বয়ের বিষয়েও সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। চেয়ারম্যান জানান, পুরোনো বেতন কাঠামোর সঙ্গে নতুন মজুরি সমন্বয়ের ক্ষেত্রে ন্যূনতম ২ হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পাওয়া শ্রমিকদের ক্ষেত্রেও অন্তত ২ হাজার টাকা সমন্বয় করা হবে। ফলে সব পর্যায়ের শ্রমিকরাই এই সিদ্ধান্তের সুফল পাবেন।
এ ছাড়া শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস শ্রমিকদের মজুরি এবং বার্ষিক ইনক্রিমেন্টের বিষয়টি খসড়া সুপারিশ তৈরির সময় কারিগরি দিক বিবেচনা করে নির্ধারণ করা হবে।
বোর্ড চেয়ারম্যান জানান, দ্রুততম সময়ের মধ্যে খসড়া সুপারিশ চূড়ান্ত করে গেজেট প্রকাশের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। গেজেটে গ্রেডভিত্তিক মজুরি, বেতন সমন্বয় এবং কার্যকরের বিষয়গুলো স্পষ্ট করা থাকবে। এরপর কারখানাগুলোকে নতুন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পরিশোধ করতে হবে।
সিদ্ধান্ত ঘোষণার পর শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার সাংবাদিকদের বলেন, বাঁচার মতো মজুরির প্রত্যাশা থাকলেও বোর্ডের সীমাবদ্ধতার মধ্যে তাদের সপ্তম দফা সংশোধিত প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা। ভোটাভুটিতে ১৭ হাজার টাকা নির্ধারিত হওয়ায় তারা পুরোপুরি সন্তুষ্ট না হলেও বোর্ডের সিদ্ধান্ত মেনে নিতে হচ্ছে।
আগেরবার পাঁচ বছর পর মজুরি বাড়ানো হলেও এবার তিন বছরের মাথায় মজুরি বৃদ্ধি পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।
দেশের বর্তমান পরিস্থিতি ও রপ্তানি খাতের স্বার্থে শ্রমিকদের আন্দোলন ছেড়ে কাজে ফেরার আহ্বান জানিয়ে বাবুল আখতার বলেন, কারখানা পর্যায়ে কোনো অসন্তোষ দেখা দিলে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে তা সমাধান করা সম্ভব। তবে আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া শ্রমিকদের অবিলম্বে মুক্তি, মামলা প্রত্যাহার এবং শ্রমিক ছাঁটাই ও হয়রানি বন্ধের দাবি জানান তিনি।
অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামসুদ্দিন বলেন, দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান এই সংবেদনশীল খাতকে সচল রাখতে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষ সমঝোতায় পৌঁছেছে। শিল্পের সক্ষমতা ও খাতটির কার্যক্রম সচল রাখার বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.