সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অবৈধ গমনাগমন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে বাড়ানো হয়েছে জনবল, টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ কঠোর অবস্থানের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি দিন ও রাতে সীমান্তবর্তী এলাকায় মোবাইল পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে। সীমান্ত দিয়ে যাতে কোনো ব্যক্তি অবৈধভাবে যাতায়াত করতে না পারে কিংবা কোনো পক্ষ অবৈধ অনুপ্রবেশ ঘটাতে না পারে, সে লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধির ওপর সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।
এতে আরও জানানো হয়, সীমান্তের অন্ধকারাচ্ছন্ন এলাকাগুলোতে সার্চলাইট ও থার্মাল ড্রোন ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে। স্থানীয় জনগণকে সঙ্গে নিয়েও পরিচালনা করা হচ্ছে টহল কার্যক্রম। এ ছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তের বর্ডার অবজারভেশন পোস্টসহ (বিওপি) ব্যাটালিয়নের সব সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.