ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই হুমকির তাৎক্ষণিক জবাব দিবে ইরান

যেকোনো সময়, যেকোনো স্থানে যেকোনো ধরনের হুমকির জবাব দিতে ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) উপ-প্রধান কমান্ডার মেজর জেনারেল মোস্তফা ইজাদি। তিনি দাবি করেছেন, ইরানের সামরিক সক্ষমতা বিশ্বের বৃহত্তম সামরিক শক্তিকেও চ্যালেঞ্জ জানাতে সক্ষম।

ইরানের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে মোস্তফা ইজাদির উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই যেকোনো পর্যায়ের এবং যেকোনো ধরনের হুমকির তাৎক্ষণিক ও কার্যকর জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে।’

মোস্তফা ইজাদি আরও বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি বিশ্বের বৃহত্তম সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয়েছে। আমাদের এই পথচলা অব্যাহত থাকবে।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে আইআরজিসির এই শীর্ষ কর্মকর্তা বলেন, ‘শত্রুরা দাবি করেছিল যে তারা বিপ্লবী গার্ডসহ ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু শত্রুদের কোনো পরিকল্পনাই সফল হয়নি।’

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তা বন্ধে একাধিক কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছে। গত সপ্তাহে ইরানের পার্লামেন্ট স্পিকার বর্তমান অচলাবস্থাকে ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছিলেন।

সূত্র: আল জাজিরা

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.