রুশ যুদ্ধজাহাজে হামলার দায় স্বীকার জেলেনস্কির

লিবিয়ার পূর্ব উপকূলে রাশিয়ার যুদ্ধজাহাজ মারকুরিতে হামলার কথা স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, ইউক্রেনীয় বাহিনী সাতটি সামুদ্রিক ড্রোন ব্যবহার করে জাহাজটি ডুবিয়ে দিয়েছে।

সোমবার(২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে জেলেনস্কি জানান, রোববার লিবিয়ার উপকূলে মারকুরি ডুবিয়ে দেওয়ার পাশাপাশি রাশিয়ার একটি কার্গো জাহাজেও হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এমভি আঙ্গারা নামের ওই জাহাজে ড্রোন দিয়ে আঘাত করা হয়। একই দিনে রাশিয়ার ভেতরে দেশটির সেনাবাহিনীর একটি কা-১৭ যুদ্ধ হেলিকপ্টারও ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী বলে দাবি করেন তিনি।

জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, এমভি আঙ্গারা জাহাজটি রুশ বাহিনীর অস্ত্র পরিবহনে ব্যবহৃত হতো।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মারকুরি যুদ্ধজাহাজে ড্রোন হামলার বিষয়টি স্বীকার করেছে। তবে এমভি আঙ্গারা কার্গো জাহাজ ও সামরিক হেলিকপ্টারে হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মস্কো।

উল্লেখ্য, ২০১১ সালে ন্যাটোর সমর্থনে সংঘটিত অভ্যুত্থানে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে লিবিয়া কার্যত বিভক্ত। দেশটির পশ্চিমাঞ্চল রাজধানী ত্রিপোলিভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত গভর্নমেন্ট অব ন্যাশনাল ইউনিটির নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করছেন সামরিক কমান্ডার খলিফা হাফতার। তার নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

এ হামলার পর পূর্ব লিবিয়া সরকারের প্রধানমন্ত্রী ওসামা হামাদ জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের কাছে ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ড্রোনগুলো পশ্চিম লিবিয়া থেকে উৎক্ষেপণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বিশেষজ্ঞদের উপস্থিতি এবং তাদের কার্যক্রম যাচাই করার দাবি জানান তিনি। এ বিষয়ে কিয়েভের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যাও চেয়েছেন পূর্ব লিবিয়ার প্রধানমন্ত্রী।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.