৯ জেলায় ৫৭ প্লাটুন আনসার মোতায়েন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুরসহ ৯ জেলায় ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শিল্পাঞ্চল গাজীপুরে নতুন করে চার প্লাটুন সদস্য মোতায়েন করায় সেখানে মোট সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ১৭ প্লাটুনে।

সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখতে অতিরিক্ত চার প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। নাশকতা, বিশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ড প্রতিরোধে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং মহাসড়কে নির্বিঘ্ন যান চলাচল বজায় রাখতে দেশের নয়টি জেলায় এসব সদস্য দায়িত্ব পালন করছেন। জেলাভিত্তিক মোতায়েনের মধ্যে গাজীপুরে ১৭ প্লাটুন, গোপালগঞ্জে ১৫ প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন, নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে চার প্লাটুন করে এবং সাতক্ষীরা ও ময়মনসিংহে দুই প্লাটুন করে আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন।

এতে আরও বলা হয়, বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে নিয়মিত টহল, চেকপোস্ট পরিচালনা ও সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলায় সদস্যরা প্রস্তুত রয়েছেন। জনগণের জানমালের নিরাপত্তা এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.