গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের ওপর হামলা, থানা ও সরকারি সম্পদে ভাঙচুর-অগ্নিসংযোগ এবং দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। একই সঙ্গে প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালন করে পুলিশ সদস্যদের সাহসিকতা, কর্মনিষ্ঠা ও পেশাগত দায়িত্ববোধের প্রশংসা করেছে সংগঠনটি।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রকাশিত পৃথক বিবৃতিতে এসব কথা জানানো হয়।
এক বিবৃতিতে বলা হয়, গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে গোপালগঞ্জের তিলাপাড়া থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনা ঘটে। হামলাকারীরা থানা ভবন ও আবাসিক ভবনে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করে। এ সময় থানার ১১টি গাড়ি ও প্রায় ৩০টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। থানায় সংরক্ষিত পুলিশের নিজস্ব অস্ত্রসহ কিছু অস্ত্র লুট করা হয়। এ ঘটনায় একজন পুলিশ সদস্য গুরুতর আহত হন। থানা ভবন, যানবাহন ও সরকারি সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি এ ধরনের ঘটনা জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, গত ১৮ নভেম্বর রাতে গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকায় অবস্থিত একটি হাসপাতালে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ধরনের কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ ও অত্যন্ত ঘৃণ্য কাজ হিসেবে উল্লেখ করে সংগঠনটি জানায়, থানা, পুলিশ ফাঁড়ি, পুলিশের যানবাহন, অস্ত্রশস্ত্র এবং সরকারি সম্পদ মূলত জনগণের জানমাল রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা বজায় রাখার কাজে ব্যবহৃত হয়। এসব সম্পদ ধ্বংস করা মানে জননিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করা।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সারা দেশে পুলিশের ওপর ৪৪৮টি হামলার ঘটনায় চারজন পুলিশ সদস্য নিহত এবং ৩৩০ জন গুরুতর আহত হয়েছেন। সংগঠনটি বলেছে, রাজনৈতিক পরিচয় বা মতাদর্শ যা-ই হোক না কেন, দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ওপর হামলা, সরকারি কাজে বাধা, অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং সরকারি সম্পদ ধ্বংসের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা অপরিহার্য।
এদিকে, গত ১৯ নভেম্বর গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগের ফলে সৃষ্ট প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ফরিদপুর জেলার সালথা থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. বাবুলুর রহমান খান অসীম সাহসিকতা, বিচক্ষণতা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি সেখানে আটকে পড়া সরকারি ও পাবলিক সম্পদ নিরাপদে উদ্ধার করে পুলিশ লাইনস, ফরিদপুরে স্থানান্তর করেন। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন তাঁর এ সাহসিকতা ও পেশাদারত্বের ভূয়সী প্রশংসা করেছে।
অন্যদিকে, দায়িত্ব পালনকালে সার্জেন্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ধারণ ও অপপ্রচারের ঘটনাতেও উদ্বেগ জানিয়েছে সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, ১ নভেম্বর ধানমন্ডি এলাকায় সার্জেন্ট ফারজানা ইসলাম, ২৯ সেপ্টেম্বর ৩০০ ফিট এলাকায় সার্জেন্ট শিহাব এবং ২৬ অক্টোবর ওয়ারী এলাকায় সার্জেন্ট কায়সার ভূঁইয়া কর্তৃক যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ব্যক্তিরা ভিডিও ধারণ ও অপপ্রচার চালিয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড দায়িত্বশীল পুলিশ সদস্যদের ব্যক্তিগত সম্মানহানি এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়িত্ব পালনরত সার্জেন্ট ও ট্রাফিক পুলিশের সদস্যদের হয়রানি এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে।
পাশাপাশি দেশের শান্তিপ্রিয় জনগণ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকদের প্রতি সহিংসতা, গুজব ও উসকানি পরিহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.