এমএলএস কাপের শিরোপা ধরে রাখার লড়াইয়ে শুরুতেই বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। প্লে-অফের প্রথম ম্যাচে নিজেদের মাঠে ১০ জনের মায়ামিকে ৩-০ গোলে হারিয়েছে কলম্বাস ক্রু।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৫টায় মায়ামির নু স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।কলম্বাসের হয়ে জোড়া গোল করেন চিলির ফরোয়ার্ড গঞ্জালো তাপিয়া। অন্য গোলটি করেন তাহা হারব্রুন।
ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন তাপিয়া। ৩৬ মিনিটে কলম্বাসের স্টিফেন মোরেইরাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মায়ামির গনসালো লুহান। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় স্বাগতিকদের।
দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে হারব্রুন এবং ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে মায়ামির পরাজয় নিশ্চিত করেন তাপিয়া। এদিকে মেসির ফ্রি-কিকসহ একাধিক আক্রমণ ঠেকিয়ে দেন কলম্বাসের গোলরক্ষক প্যাট্রিক শুল্টে।
এই জয়ে তিন ম্যাচের প্লে-অফ সিরিজে এগিয়ে গেল কলম্বাস। আগামী শুক্রবার ওহাইওতে দ্বিতীয় ম্যাচে জিতলেই পরবর্তী রাউন্ডে উঠবে দলটি। অন্যদিকে, শিরোপা ধরে রাখার আশা বাঁচাতে মায়ামিকে জিততেই হবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.