শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শুভসূচনা করেছে অস্ট্রেলিয়া। শনিবার (২১ নভেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ১৮৮ রানের লক্ষ্য ৩ উইকেট হাতে রেখে এক বল বাকি থাকতেই পেরিয়ে যায় স্বাগতিকরা। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। একই সঙ্গে এমসিজিতে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে দলটি।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ইংল্যান্ড। দলীয় ১৩ রানের মধ্যে হারায় দুই ওপেনারকে। তবে অধিনায়ক হ্যারি ব্রুকের ঝোড়ো ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। মাত্র ২৮ বলে ৬৫ রান করেন তিনি। তার ইনিংসে ছিল চারটি চার ও ছয়টি ছক্কা।
ব্রুকের সঙ্গে টম ব্যান্টনের ৩৯ রানের কার্যকর জুটি ইংল্যান্ডকে বড় সংগ্রহের পথে রাখে। পরে জর্ডান কক্স করেন ২৭ রান। শেষ দিকে লিয়াম ডসন ১৭ রান যোগ করেন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে ইংল্যান্ড।
অস্ট্রেলিয়ার হয়ে নিকিল চৌধুরী ও জ্যাক এডওয়ার্ডস দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে মিচেল মার্শের ৩৭ এবং স্যাম হার্পারের ৩২ রানের ইনিংসে লড়াইয়ে ফেরে দলটি। পরে নিকিল চৌধুরী ও টিম ডেভিডের ব্যাটে জয়ের আশা জোরালো হয়। ডেভিড করেন ২০ রান।
অস্ট্রেলিয়ার জয়ের ভিত গড়ে দেন নিকিল চৌধুরী। ৩৮ বলে ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে ভর করেই শেষ পর্যন্ত জয়ের কাছাকাছি পৌঁছে যায় স্বাগতিকরা।
শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন দাঁড়ায় ১১ রান। স্যাম কারানের করা প্রথম বল ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে গ্যালারিতে ফেলে দলকে জয়ের কাছে যান জ্যাক এডওয়ার্ডস। ওভারের পঞ্চম বলে এক রানের সমীকরণে বাউন্ডারি হাঁকিয়ে তিনিই এনে দেন কাঙ্ক্ষিত জয়।
ব্যাট ও বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ম্যাচসেরার পুরস্কার জিতেছেন নিকিল চৌধুরী। আগামী ২৪ নভেম্বর সিরিজের টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল। ক্যারারা ওভালে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচ।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.