শিল্প খাতে বিপণন কার্যক্রম আরও কার্যকর করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সার্চ ব্যবস্থায় পণ্যের পরিচিতি বাড়ানোর কৌশল শেখাতে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। এতে এআই এজেন্টিক মার্কেটিং ও জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন (জিইও) ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
শনিবার (২১ নভেম্বর) বিসিআইয়ের বোর্ডরুমে ‘শিল্প খাতে এআই এজেন্টিক মার্কেটিং’ এবং ‘পণ্যের জন্য জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ২৬ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি প্রীতি চক্রবর্তী। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে ছিলেন ট্রিপজিপ এআইয়ের সফটওয়্যার প্রকৌশলী ও সহপ্রতিষ্ঠাতা মো. শামীম হোসেন, বাংলালিংকের জ্যেষ্ঠ ডেটা ও অ্যানালিটিকস প্রকৌশলী হাবিব আল সাকি এবং মুন্ডি ফার্মা লিমিটেডের ডিজিটাল মার্কেটিং পরামর্শক সুজাত কাশেম।
কর্মশালায় হাবিব আল সাকি শিল্প খাতে বিপণন কার্যক্রম পরিচালনায় এআই এজেন্টের ব্যবহার, গ্রাহকের আচরণ বিশ্লেষণ এবং বিপণন কার্যক্রম স্বয়ংক্রিয় করার কৌশল নিয়ে আলোচনা করেন। অন্যদিকে, মো. শামীম হোসেন ও সুজাত কাশেম জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে আলোচনা করেন। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত সার্চ ও জেনারেটিভ ইঞ্জিনে পণ্যের দৃশ্যমানতা এবং পরিচিতি বাড়ানোর বিভিন্ন উপায় তুলে ধরা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রশ্নোত্তর ও অংশগ্রহণমূলক আলোচনার মধ্য দিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা বিষয়গুলো সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা পাওয়ার সুযোগ পান। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন বিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি প্রীতি চক্রবর্তী এবং বিসিআইয়ের পরিচালক ড. দেলোয়ার হোসেন রাজা।
সভাপতির বক্তব্যে প্রীতি চক্রবর্তী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসা পরিচালনা ও গ্রাহকের কাছে পৌঁছানোর পদ্ধতিতে পরিবর্তন আনছে। এআই এজেন্টিক মার্কেটিং ও জিইও বিষয়ে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে শিল্পোদ্যোক্তারা বৈশ্বিক বাজারে নিজেদের পণ্যকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে পারবেন।
তিনি প্রশিক্ষণ থেকে পাওয়া জ্ঞান নিজ নিজ প্রতিষ্ঠানে কাজে লাগানোর জন্য অংশগ্রহণকারীদের আহ্বান জানান। পাশাপাশি সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার কথা জানান।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.