অপ্রতিম হত্যা: ২৯ নভেম্বর শুরু হচ্ছে বিচার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে এবং কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম(১৩) হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে আগামী ২৯ নভেম্বর। ওই দিন চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে দুই প্রাপ্তবয়স্ক ও দুই অপ্রাপ্তবয়স্ক আসামির বিচার হবে পৃথক আদালতে।

শনিবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।

তিনি জানান, আদালত ইতোমধ্যে মামলার চার্জশিট গ্রহণ করেছেন। চার আসামিই বর্তমানে কারাগারে রয়েছেন। আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। এর মধ্যে অপ্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে জুভেনাইল কোর্টে এবং প্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে।

অ্যাডভোকেট কাইমুল হক রিংকু আরও বলেন, আসামিপক্ষ মানবাধিকার সংগঠনের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে। তবে রাষ্ট্রপক্ষ নিজস্ব প্রস্তুতি অনুযায়ী মামলার কার্যক্রম চালিয়ে যাবে।

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারও ২৯ নভেম্বর অভিযোগ গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের জন্য আলাদা আদালতে বিচার পরিচালিত হবে।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন ১৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে এবং কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.