কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের বড় আইপিও নিয়ে যখন বিশ্বজুড়ে আলোচনা চলছে, তখন ইউরোপের পুঁজিবাজারে আলোচনায় এসেছে আইসল্যান্ডের পর্যটন ও সুস্থতা সেবাদাতা প্রতিষ্ঠান ব্লু লেগুন। শুক্রবার দেশটির নাসডাক আইসল্যান্ডে লেনদেন শুরু করছে প্রতিষ্ঠানটির শেয়ার। আইপিওর মাধ্যমে প্রায় ১১ কোটি ডলার সংগ্রহ করেছে কোম্পানিটি।
কোম্পানির বিনিয়োগকারী উপস্থাপনা অনুযায়ী, আইপিওর পর ব্লু লেগুনের বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৭৮৭ মিলিয়ন ডলার। ‘ব্লু’ (BLUE) টিকার প্রতীকে ইউরোপের নাসডাক নর্ডিক গ্রুপের অন্তর্ভুক্ত নাসডাক আইসল্যান্ডের প্রধান বাজারে লেনদেন করবে প্রতিষ্ঠানটি।
১৯৯২ সালে প্রতিষ্ঠিত ব্লু লেগুনের যাত্রা শুরু হয় আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি উষ্ণ প্রস্রবণের পানি নিয়ে গবেষণার মাধ্যমে। কালো লাভাক্ষেত্রের মধ্যে অবস্থিত উষ্ণ, নীলাভ পানির এই প্রাকৃতিক জলাধারকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রতিষ্ঠানটির ব্যবসা। বর্তমানে স্পা, হোটেল, রেস্তোরাঁ ও ত্বকের যত্নের পণ্য নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কার্যক্রম পরিচালনা করছে তারা।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সিগরিদুর মার্গ্রেট ওডসডটির বলেন, সুস্থতা এখন বিলাসিতার নতুন রূপ। সুস্থতা অর্থনীতি সামগ্রিক অর্থনীতির তুলনায় দ্রুত বাড়ছে। এ প্রবণতা প্রতিষ্ঠানটির ব্যবসা সম্প্রসারণে সহায়ক হচ্ছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন এবং আগামী দশকের লক্ষ্য অর্জনের অংশ হিসেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আইসল্যান্ডের রেইকিয়ানেস উপদ্বীপে ব্লু লেগুনের প্রধান কার্যক্রম পরিচালিত হয়। সেখানে বিখ্যাত জিওথার্মাল স্পার পাশাপাশি সিলিকা হোটেল, রিট্রিট বিলাসবহুল হোটেল ও স্পা এবং মিশেলিন-তারকাপ্রাপ্ত মস রেস্তোরাঁ পরিচালনা করে প্রতিষ্ঠানটি। এ ছাড়া দেশটির উচ্চভূমিতে কেরলিংগারফিয়ল হাইল্যান্ড বেস ও হরাউনেরয়ার এবং আন্তর্জাতিক বাজারে ব্লু লেগুন ব্র্যান্ডের ত্বকের যত্নের পণ্য বিক্রি করে তারা।
গত এক দশকে প্রতিষ্ঠানটির বার্ষিক আয় গড়ে ১১ শতাংশ হারে বেড়েছে। প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, আগামী বছর কোম্পানিটির আয় ৫০ শতাংশের বেশি বাড়তে পারে, যা হবে প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ। আইপিও থেকে সংগৃহীত অর্থ বিদ্যমান স্থাপনা সম্প্রসারণ, নতুন ব্যবসা অধিগ্রহণ এবং নতুন পর্যটনকেন্দ্র গড়ে তোলার কাজে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।
আইপিওতে প্রায় চার হাজার বিনিয়োগকারীর কাছ থেকে আবেদন জমা পড়ে। এসব আবেদনের মোট মূল্য ছিল প্রায় ১৫ দশমিক ৩ বিলিয়ন আইসল্যান্ডিক ক্রোনা, যা প্রস্তাবিত শেয়ারের মোট মূল্যের চেয়ে প্রায় ৭ শতাংশ বেশি। এতে সাধারণ ও খুচরা বিনিয়োগকারীদের উল্লেখযোগ্য আগ্রহ দেখা গেছে।
বিশ্বজুড়েও সুস্থতা পর্যটনের বাজার সম্প্রসারিত হচ্ছে। গ্লোবাল ওয়েলনেস ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক সুস্থতা শিল্পের বাজারমূল্য দাঁড়ায় ৭ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৮ দশমিক ৯ শতাংশ বেশি। একই সময়ে থার্মাল ও মিনারেল স্প্রিংস খাতে ব্যয় বেড়েছে ১০ দশমিক ৪ শতাংশ।
আইসল্যান্ডের অর্থনীতিতেও পর্যটনের ভূমিকা বাড়ছে। ২০২৫ সালে দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৯ শতাংশ এসেছে পর্যটন খাত থেকে। ওই বছর প্রায় ২৩ লাখ বিদেশি পর্যটক দেশটি ভ্রমণ করেন। তাদের মধ্যে সবচেয়ে বড় অংশ এসেছেন যুক্তরাষ্ট্র থেকে।
ব্লু লেগুনের এই তালিকাভুক্তির মাধ্যমে তুলনামূলক ছোট আইসল্যান্ডের পুঁজিবাজারে পর্যটন ও সুস্থতা সেবাভিত্তিক একটি বড় প্রতিষ্ঠানের যুক্ত হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। ২০২৫ সালের শেষ দিকে দেশটির প্রধান পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ছিল মাত্র ২৭টি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.