উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে ক্রমেই বাড়ছে শীতের অনুভূতি। কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা কমে বৃহস্পতিবার সকালে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত এটিই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। এর আগের দিন বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সে হিসাবে এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ২ ডিগ্রি।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ১৮ দশমিক ৫ ডিগ্রি, রোববার ১৬ দশমিক ৪ ডিগ্রি, শনিবার ১৫ দশমিক ৮ ডিগ্রি এবং শুক্রবার ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিকে বুধবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়দের ভাষ্য, দিনের বেলায় সূর্যের আলো থাকায় তেমন শীত অনুভূত হয় না। তবে সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ঠান্ডা। রাত ও ভোরে শীতের তীব্রতা বেশি থাকায় লেপ-কম্বল ব্যবহার করতে হচ্ছে। সকালে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হলেও শীতের মুখোমুখি হতে হচ্ছে।
আবহাওয়াবিদরা বলছেন, ঋতু পরিবর্তনের এই সময়ে উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমে আসে। দিনের সর্বোচ্চ ও রাতের সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য থাকায় দিনে আবহাওয়া কিছুটা উষ্ণ থাকলেও রাত ও ভোরে শীত বেশি অনুভূত হয়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে। বিশেষ করে ডিসেম্বর মাসে পঞ্চগড়ের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.