ট্রাম্পের দলকে হারিয়ে আলাস্কার সিনেটর হলেন মেরি পেলটোলা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আলাস্কার সিনেট আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলা। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনা শেষে দুই সপ্তাহ পর তার বিজয় নিশ্চিত হয়েছে। এর মধ্য দিয়ে সিনেটে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা বেড়ে ৫৬টিতে দাঁড়িয়েছে।

আলাস্কার দুর্গম ও বিস্তীর্ণ এলাকাগুলো থেকে ব্যালট সংগ্রহের জটিলতার কারণে ভোট গণনা শেষ করতে দীর্ঘ সময় লাগে। এ নির্বাচন ঘিরে ভোটারদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে বিকল্প প্রার্থী দাঁড় করানোর অভিযোগ এবং একাধিক আইনি লড়াইয়ের ঘটনাও আলোচনায় আসে।

মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি রিপাবলিকান পার্টির বর্তমান সিনেটর ড্যান সুলিভানকে ৫০ শতাংশ ভোট পেয়ে হারিয়েছেন। অন্যদিকে, সুলিভান পেয়েছেন ৪৬ শতাংশ। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সিনেটের নবম আসন এটি। ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে থাকছে।

বিজয়ী ঘোষণার পর এক বিবৃতিতে মেরি পেলটোলা বলেন, ওয়াশিংটনের বর্তমান ব্যবস্থা আলাস্কার মানুষের স্বার্থ রক্ষা করতে পারছে না। আলাস্কার গ্রামীণ অঞ্চলের অনেক পরিবারকে ঘর গরম রাখার খরচ মেটানো এবং খাবার কেনার মধ্যে যেকোনো একটি বেছে নিতে হচ্ছে। এ ছাড়া মাছের মজুত শেষ হয়ে যাওয়ায় উদ্বিগ্ন প্রবীণদের কান্নার কথাও তুলে ধরেন তিনি।

নির্বাচনী প্রচারণার সময় পেলটোলার বিরুদ্ধে বিতর্কিত কৌশল ব্যবহারের অভিযোগ ওঠে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ডেমোক্র্যাটরা ড্যানিয়েল জে সুলিভান নামে রাজনৈতিকভাবে অপরিচিত এক ব্যক্তিকে প্রার্থী করার চেষ্টা করেছিলেন। ওই ব্যক্তি রাজ্যের একটি ছোট উপকূলীয় শহরে বসবাস করেন। তার নামের সঙ্গে বর্তমান রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানের নামের মিল থাকায় ভোটারদের বিভ্রান্ত করার উদ্দেশ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.