শি-ট্রাম্প-পুতিনের বৈঠকের তথ্য নিশ্চিত করল চীন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে গত সপ্তাহ থেকেই আলোচনা চলছিল। এবার সেই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে বেইজিং। আগামী ১৯ নভেম্বর দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে বৈঠকটি হবে।

সোমবার (১৬ নভেম্বর) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।

সেখানে বলা হয়েছে, “১৯ নভেম্বর, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের নিয়ে একটি বৈঠক আয়োজন করবেন। এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকবেন।”

গত সপ্তাহেই এই সম্ভাব্য বৈঠকের বিষয়টি শোনা গিয়েছিল। যা আজ নিশ্চিত করা হয়েছে।

১৩ নভেম্বর মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, তিন নেতার বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে একটি ‘উচ্চাকাঙ্ক্ষী’ চুক্তির বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে পারে। পাশাপাশি উত্তর কোরিয়া ও ইরানের পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।।

এর আগে ট্রাম্প নিজেই পুতিন ও জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পরিকল্পনার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন। সপ্তাহের শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিন নেতার মধ্যে আলোচনা হবে।

ধারণা করা হচ্ছে, বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর এই বৈঠকে ইরান নিয়ে আলোচনা হতে পারে, তবে ইউক্রেন নিয়ে আলোচনার সম্ভাবনা নেই। মস্কো ও বেইজিং এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

মার্কিন বার্তাসংস্থা এপি এবং ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই আলোচনার পর কোনো চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা নেই।

সূত্র: এএফপি

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.