‘রোকযানা’ খ্যাত গায়ক শেখ সাহেদ আলী মারা গেছেন

জনপ্রিয় ‘রোকযানা’ গানের শিল্পী ও ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা শেখ সাহেদ আলী মারা গেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সংগীতশিল্পী পান্থ কানাই। সামাজিক যোগাযোগমাধ্যমে সাহেদের মৃত্যুর খবর জানিয়ে তিনি লেখেন, ‘ভাই আর আমাদের মাঝে নেই। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।’

দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন সাহেদ। নিয়মিত ডায়ালিসিস নিতে হতো তাঁকে। গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করেন তিনি। এরপর স্বাভাবিকভাবে কথা বলতেও অসুবিধা হচ্ছিল তাঁর। এর মধ্যে ডেঙ্গু শনাক্ত হওয়ায় শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

কিডনিজনিত সমস্যার পাশাপাশি স্ট্রোক, ডেঙ্গু ও হেপাটাইটিস ভাইরাসজনিত রোগে ভুগছিলেন এই শিল্পী। সর্বশেষ রক্তক্ষরণে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে গত বৃহস্পতিবার তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

নব্বইয়ের দশক থেকে সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন সাহেদ আলী। তিনি ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। সংগীতাঙ্গনে ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিত ছিলেন তিনি। তাঁর গাওয়া ‘রোকযানা’ গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

এ ছাড়া ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’সহ বেশ কিছু গান তাঁকে শ্রোতাদের কাছে পরিচিত করে তোলে।

১৯৯১ সালে প্রকাশিত হয় সাহেদের প্রথম অ্যালবাম ‘প্রভু’। এরপর সংগীতজীবনে আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি। তাঁর মৃত্যুতে দেশের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.