জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমে যুক্ত হয়েছে রূপালী ব্যাংক পিএলসির নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ‘রূপালীক্যাশ’। এর ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে ভর্তি আবেদন ও ফি পরিশোধ করতে পারবেন।
ভর্তি কার্যক্রমের পেমেন্ট প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও নিরাপদ করার লক্ষ্যে বৃহস্পতিবার (১২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংক পিএলসির এ সংক্রান্ত একটি চুক্তি সম্পাদিত হয়েছে।
চুক্তিতে রূপালী ব্যাংকের চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমীন স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে রূপালী ব্যাংকের চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকার বলেন, এ উদ্যোগের ফলে শিক্ষার্থীরা ঘরে বসেই সহজে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করে রূপালীক্যাশের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন। পাশাপাশি এ উদ্যোগ ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াবে, নগদ অর্থের ওপর নির্ভরতা কমাবে এবং আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করবে।
নতুন এ সেবা ব্যবহারের জন্য শিক্ষার্থীদের প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ভর্তির আবেদন করতে হবে। এরপর পেমেন্টের মাধ্যম হিসেবে রূপালীক্যাশ নির্বাচন করে নির্ধারিত ফি পরিশোধ করা যাবে।
রূপালী ব্যাংক জানিয়েছে, বর্তমানে রূপালীক্যাশের মাধ্যমে শিক্ষা ফি, ই-কমার্স কেনাকাটার মূল্য এবং বিভিন্ন পরিষেবার বিলসহ নানা ধরনের পেমেন্ট পরিশোধের সুবিধা রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ চুক্তির ফলে শিক্ষার্থীদের ভর্তি ফি পরিশোধের ক্ষেত্রেও যুক্ত হলো নতুন ডিজিটাল সুবিধা।
চুক্তি সম্পাদন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (আইটি) মুহাম্মদ আরিফুজ্জামান সরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মাদ আলী নূর এবং পরিচালক (ফাইন্যান্স ও অ্যাকাউন্টস) অধ্যাপক মোস্তাফিজ আহমেদ।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.