ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় অধিবেশন বসবে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে এই অধিবেশনের।
রোববার (৮ নভেম্বর) বিকেলে স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সীমা ও কর্মসূচি চূড়ান্ত করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ জ্যেষ্ঠ সংসদ সদস্য ও হুইপরা উপস্থিত ছিলেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে অধিবেশনের কার্যক্রম শুরু হবে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংক্ষিপ্ত এই অধিবেশন ১৮ নভেম্বর পর্যন্ত আট কার্যদিবস চলতে পারে। অধিবেশনে তিনটি অধ্যাদেশ ও সরকারি বিল উত্থাপন এবং সেগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি সংবিধান সংস্কার, গণভোটের রায় কার্যকর এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেতে পারে।
তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবারের অধিবেশনে সংবিধান সংশোধনের কোনো বিল উত্থাপনের পরিকল্পনা নেই। অন্যদিকে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের পদ্ধতি নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য রয়েছে। এ বিষয়গুলো ঘিরে সংসদে রাজনৈতিক আলোচনা হতে পারে।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সরকারি বিল, প্রশ্নোত্তর পর্ব এবং জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনা হবে।
এদিকে, অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.